সোমবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক ভিডিও কনফারেন্সে পুতিন বলেন, ‘চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে। প্রায় প্রতিদিনই স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে।’ তিনি জানান, শুধুমাত্র করোনাভাইরাসের নয়, অন্যসব সংক্রমণেরও পরীক্ষা করা হচ্ছে এবং সবকিছুই এখন পর্যন্ত ঠিক আছে।
এর আগে ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার করোনা হওয়ায় পুতিন কিছুদিন সেলফ আইসোলেশনে ছিলেন। তবে বর্তমানে তিনি ঠিক আছে বলে নিশ্চিত করেছেন।
.png)
পুতিন সোমবারের ওই কনফারেন্স ছাড়াও সম্প্রতি আরো অনেকগুলো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সেসব অনুষ্ঠানেও তাকে কাশতে দেখা গিয়েছিল।
কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে ভালো আছেন বলে দাবি করে পুতিন বলেন, আমি ঠাণ্ডায় ঘোরাঘুরি করেছিলাম। আমার ভয়ঙ্কর কিছু হয়নি। করোনার বুস্টার টিকা নেয়া সম্পর্কে তিনি বলেন, আপনারা সবাই টিকা পেয়েছেন। এখন বুস্টার টিকা নিতেও ভুলবেন না।
পুতিন গত সপ্তাহে তার ৬৯তম জন্মদিন পালন করেন। গত মাসে কয়েক ডজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ার পর পুতিন তাদের সংস্পর্শে যাওয়ার কারণে নিজে থেকে কোয়ারেন্টাইনে যান। তবে তার শরীরে করোনা সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।
২৯ সেপ্টেম্বর তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। এরপর থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেশিরভাগ বৈঠক ও সভাসমাবেশ চালিয়ে যাচ্ছেন।
রাশিয়ায় গত কয়েকদিনে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই নতুন সংক্রমণের রেকর্ড হচ্ছে। কর্মকর্তারা বলছেন, ভ্যাকসিন গ্রহণের হার কম হওয়ায় সংক্রমণ বাড়ছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাশিয়া।