স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) টোকিও রাজধানীর অন্যতম ব্যস্ত রেল স্টেশন শিনজুকুতে কিও এক্সপ্রেস লাইনের ট্রেনে এ ঘটনাটি ঘটে।
জাপানের গণমাধ্যমে বলছে, ২৪ বছর বয়সী এক যুবক ‘ব্যাটমানের জোকারের পোশাকে’ টোকিওর একটি চলন্ত ট্রেনের এক বগিতে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় বগিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর তিনি যাত্রীদের ওপর ছুরি হাতে হামলা চালান।
.png)
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স বলেছে, ট্রেনে অগ্নিসংযোগ এবং ছুরিকাঘাতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ষাটোর্ধ্ব এক ব্যক্তি ছুরিকাঘাতে চেতনা হারিয়েছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী ওই যুবক ট্রেনের চারদিকে তরল ছিটিয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেন।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ডের টুইটারে আপলোড করা এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ট্রেনের ভেতরে লোকজনের দৌড়ে পালানোর দৃশ্য লাইভ করছেন। কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে ছোট একটি বিস্ফোরণের পর আগুন ধরে যায়।
অন্য এক ভিডিওতে দেখা যায়, জরুরিভাবে ট্রেনটি একটি প্ল্যাটফর্মে থেমে গেছে। সেখানে ট্রেনের ভেতর থেকে যাত্রীরা জানালা দিয়ে প্ল্যাটফর্মে লাফিয়ে পড়ছেন।
এক প্রত্যক্ষদর্শী আতঙ্কিত যাত্রীদের দৌড়ে পালিয়ে যাওয়ার ঘটনা স্মরণ করে জাপানি দৈনিক ইয়োমুরি শিম্বনকে বলেন, আমি ভেবেছিলাম কেউ হয়তো হ্যালোউইনের স্টান্ট করছেন। পরে আমি একজনকে এই পথে হাঁটতে দেখলাম; ধীরে ধীরে একটি লম্বা ছুরি নাড়ছেন তিনি। ছুরিটি রক্তাক্ত ছিল বলে জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী।
ভিডিও ফুটেজে দেখা যায়, হামলাকারী উজ্জ্বল বেগুনি এবং সবুজ স্যুট কাপড় পড়া ছিল যা দেখতে ব্যাটম্যান কমিকসের ‘জোকার’ চরিত্রের মতো লাগছিল।
টোকিও ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে এপি সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার পর টোকিওর কিও লাইনে ট্রেন চলাচল আংশিক স্থগিত করা হয়। টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই ঘটনার পর শিনজুকু রেল স্টেশনে অগ্নিনির্বাপণ কর্মী, পুলিশের অনেক সদস্যের পাশাপাশি জরুরি সার্ভিসের যানবাহন মোতায়েন করা হয়।
ভিডিওঃ