রোববার (১২ ডিসেম্বর) তার শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয় বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট রামাফোসার শরীরে এখন সামান্য উপসর্গ রয়েছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করছেন।
দ. আফ্রিকার প্রেসিডেন্টের দফতর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, রোববার কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক সম্মানে স্টেট মেমোরিয়াল সার্ভিসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে চলে যাওয়ার পর থেকেই শরীরে অসুস্থতা বোধ করতে থাকেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
.png)
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট রামাফোসা মহামারি করোনা প্রতিরোধী ভ্যাকসিনের সকল ডোজ সম্পন্ন করেছেন এবং তিনি মাস্ক পরেই রোববারের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অসুস্থতা বোধ করার পর তার শরীরে কোভিড পরীক্ষা করা হয়। এরপর তাতে তিনি পজিটিভ বলে ফলাফল আসে।
তবে সেটি করোনাভাইরাসের ‘অতি সংক্রামক’ ওমিক্রন ভ্যারিয়েন্ট কিনা, তা জানা যায়নি।
এদিকে প্রেসিডেন্টের দফতর থেকে পাঠানো বিবৃতি অনুযায়ী- সিরিল রামাফোসা বর্তমানে কেপটাউনে আইসোলেশনে রয়েছেন। এমনকি আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় এখন যাদের করোনা শনাক্ত হচ্ছে তাদের বেশির ভাগই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। গত মাসে দেশটিতে প্রথম শনাক্ত হয় ওমিক্রন। এরপর বিশ্বের প্রায় ৬০টির মতো দেশে ছড়িয়েছে এই স্ট্রেইন। এটিকে এখন পর্যন্ত অতি সংক্রামক বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনও ওমিক্রনে মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা এই ভ্যারিয়েন্ট নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরমার্শ দিলেও আতঙ্কিত না হতে বলছেন।
সূত্র: বিবিসি