শিগগিরই আমেরিকানদের ইউক্রেন ত্যাগের আহ্বান বাইডেনের
রাশিয়ার সামরিক হামলার শঙ্কা বাড়ায় ইউক্রেনে বসবাস করা আমেরিকার সব নাগরিককে শিগগিরই দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, যদি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তবে সেখানে থাকা আমেরিকানদের উদ্ধারের জন্য তিনি সেনা পাঠাবেন না। খবর বিবিসির।
বাইডেন সতর্ক করে আরো বলেন, এ অঞ্চলের পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে।
.png)
এনবিসি নিউজকে বাইডেন বলেন, মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত। আমরা বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর মধ্যে একটিকে মোকাবিলার কাজ করছি। তাই সেখানকার পরিস্থিতি ভিন্ন এবং খুব দ্রুত ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে।
রাশিয়া যদিও বারবার দাবি করে যাচ্ছে তারা ইউক্রেনে হামলা চালাতে ইচ্ছুক নয়। কিন্তু ইউক্রেন সীমান্তে লাখেরও বেশি রুশ সেনা সমাবেশের কারণে পশ্চিমাদের ধারণা, যেকোনো সময় মস্কো হামলা চালাতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইউক্রেনে অবস্থানরত আমেরিকানদের অবিলম্বে ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে।
এদিকে, ক্রেমিলন বলছে, সাবেক সোভিয়েত প্রতিবেশী দেশগুলো যেন ন্যাটোতে যোগ না দেয় সেজন্য তারা একটি ‘রেড লাইন’ প্রয়োগ করতে চায়।
এর আগে, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর থেকে পূর্ব ইউক্রেনে সংঘাত চলছে। ঐ এলাকার অধিকাংশ অংশ নিয়ন্ত্রণ করে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এবং অন্তত সেখানে ১৪ হাজার মানুষ নিহত হয়েছেন।