অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ইউক্রেন দল আসতেই ঘুমিয়ে পড়লেন পুতিন!
বেইজিংয়ের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে একে একে অলিম্পিকে অংশগ্রহণকারী সব দলই উপস্থিত হয়েছিল। তবে বেইজিংয়ে যখন প্রবেশ করলেন ইউক্রেনের প্রতিযোগীরা, তখনই চোখ বুজে রইলেন রাশিয়ার প্রেসিডেন্ট। বার্ড নেস্ট স্টেডিয়ামের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের জাতীয় দল স্টেজে এসে দাঁড়াতেই যেন ঘুমে তলিয়ে যান পুতিন। স্টেডিয়ামের অতিথিদের চেয়ারে বসেই ঝিমানো অবস্থায় দেখা যায় তাকে। কিন্তু তারপরেই রাশিয়ার অলিম্পিক্স কমিটি যখন প্রবেশ করছে, তখন চোখ খুলছেন তিনি। হাত দিয়ে নিজের দেশের দলকে অভিনন্দনও জানান পুতিন।
এরপরই পুরো বিষয়টি ধরা পড়ে ক্যামেরায়, ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে এরইমধ্যে হ্যাশট্যাগ ‘ভুয়া ঘুম’ ট্যাগ দিয়ে ব্যবহারকারীরা শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
.png)
আরো পড়ুন: ইয়েমেনের ৫ প্রদেশে ৩০ দফা বিমান হামলা চালিয়েছে সৌদি
প্রসঙ্গত, চীনে শীতকালীন অলিম্পিক্সে অনেক দেশের প্রশাসনিক প্রতিনিধিরাই অংশ নেননি। চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি মাথায় রেখে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে অনেক দেশ। তবে চীনের আমন্ত্রণ ফেরাননি পুতিন। তিনি উপস্থিত থেকেছেন। দেখা গিয়েছে, করোনার মধ্যেও স্টেডিয়ামে বসে থাকা পুতিন মাস্ক পরেননি। একা বসে আছেন ভিআইপিদের বসার জন্য নির্দিষ্ট থাকা স্থানে।
উল্লেখ্য, ইউক্রেন ইস্যু নিয়ে রশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। পরাশক্তিগুলোর মধ্যে সামরিক উত্তেজনা সুখকর কোনো বিষয় নয়। জানা গেছে, এরইমধ্যে ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে রুশ সেনারা।