ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে ৬০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ৭ মার্চ ২০২২
ইউক্রেনে ৬০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া
ছবি: সংগৃহীত

ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরু গত ২৪ ফেব্রুয়ারি। ইউক্রেন যুদ্ধ ১২তম দিনে গড়িয়েছে। রুশ সেনারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছেন। ইউক্রেনের দক্ষিণের একাধিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন রুশ সেনারা। অন্য শহরে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে। যুদ্ধে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্তত ১৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। রোববার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা দাবি করেন, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত ৬০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় রোববার ওই কর্মকর্তা আরো বলেন, যুদ্ধ পরিচালনায় রাশিয়ার যে সক্ষমতা রয়েছে, তার প্রায় ৯৫ শতাংশই ইউক্রেনে জড়ো করতে পেরেছে দেশটি।

মার্কিন ওই কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, রোববার খেরসন ও মিকোলাইভ শহরে চলমান সংঘাত পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র। পর্যবেক্ষণে দেখা গেছে রুশ বাহিনী এখনো কিয়েভ, খারকিভ, চেরনিহিভ ও মারিওপোল ঘিরে ফেলার চেষ্টা করছে। তবে ইউক্রেন বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলায় আক্রমণের গতি কমেছে বলে দাবি করেন তিনি।

আরো পড়ুন: কিয়েভসহ ৪ শহরে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

Advertisement

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ অভিমুখে থাকা প্রায় ৪০ মাইল দীর্ঘ রুশ বহরটি স্থবির হয়ে রয়েছে। এ বহরটি কিয়েভ থেকে ঠিক কতটা দূরে রয়েছে, সে ব্যাপারে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কিয়েভের প্রাণকেন্দ্র থেকে প্রায় ১৬ মাইল দূরে এর অবস্থান ছিল।

কিয়েভের আকাশসীমায় লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রেখেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশই আকাশপথে শক্তি বাড়াচ্ছে।

ওই মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরো বলেন, ‘আমাদের বিশ্বাস, দেশের বেশির ভাগ এলাকায় ইউক্রেনীয় নাগরিকেরা এখনো যোগাযোগ সুবিধা পাচ্ছে। তারা ইন্টারনেট ব্যবহার ও সংবাদমাধ্যমে চোখ রাখতে পারছে।’ তিনি বলেন, ওডেসার কাছে জল ও স্থলে একসঙ্গে আক্রমণ হওয়ার মতো কোনো ঘটনা এখনো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করেনি। অনিবার্যভাবে এ ধরনের হামলা হতে পারে বলেও মনে করা হচ্ছে না। কিয়েভে বিক্ষোভকারীদের ওপর রুশ বাহিনীর গুলি চালানোর খবর এবং সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর নিশ্চিত করতে পারেননি ওই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!