রোববার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে রোববার ভারতীয় সময় দুপুর ১২ টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত অর্থাৎ টানা ২১ ঘণ্টা কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সকল পরিষেবা বন্ধ রাখা হবে। এ সময় বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠা-নামা করবে না। এই ফ্লাইট অপারেশন বন্ধের কারণে ৩৯৪টি ফ্লাইট বাতিল হবে। এর মধ্যে ২৮টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে ফ্লাইট ওঠা-নামা বন্ধের কারণে ৬৩ হাজার যাত্রীর চলাচল প্রভাবিত হবে।
কলকাতা বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় এয়ারলাইনগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের অর্থ ফেরত দেবে। তবে যদি কোনো যাত্রী এই অবস্থায় ভ্রমণের ওপর জোর দেয় তবে এয়ারলাইনগুলো পরবর্তী ফ্লাইটগুলোতে তাদের জায়গা দেওয়ার চেষ্টা করবে।
.png)
সম্প্রতি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট যে পরিস্থিতিতে পড়েছিল সেটি এড়াতেই ফ্লাইট অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাঝ-আকাশে তীব্র-ঝাঁকুনির কবলে পড়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই ফ্লাইটের অন্তত এক যাত্রী নিহত ও আরো ৩০ জনের বেশি আহত হয়েছিলেন।
কলকাতা বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, বিমানবন্দরে অবতরণের অ্যাপ্রোচের পথে ঘণ্টায় ৯৩-১১১ কিমি বেগে শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কার্যালয়। তীব্র এই বাতাসের কারণে ফ্লাইট তীব্র-ঝাঁকুনির কবলে পড়তে পারে এবং এতে করে সেসময় বাধ্য হয়েই ফ্লাইট অপারেশন বন্ধ করতে হতে পারে।
এমনকি কলকাতা আকাশসীমার ওপর দিয়ে পূর্ব এবং পশ্চিম দিকে উড়ে যাওয়া প্লেনগুলোকেও শক্তিশালী ঘূর্ণায়মান বাতাসের মুখে পড়তে হতে পারে।