শুক্রবার ভারতীয সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয়া হলেও উদ্যোগটা মূলত আরএসএসের। প্রতিবেদনে বলা হয়, আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল দিল্লিতে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন।
.png)
তিনি বলেন, নাগরিক সমাজের এ কর্মসূচি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ঐদিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশে হিন্দুসহ সব সংখ্যালঘুর ওপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ঐ কর্মসূচিতে দেশের ২০০টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ হাইকমিশনে তারা এক স্মারকলিপি পেশ করবেন। এছাড়া স্মারকলিপিটি জাতিসংঘ, জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও দেওয়া হবে। সেখানে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান থাকবে।
সংগঠকদের পক্ষ থেকে দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্রসংগঠন ও দুর্গাপূজা, ছটপূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালন কমিটির সদস্যদের কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস