সৌদি আরব ছাড়ার নির্দেশ মার্কিন কর্মীদের
নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবে কর্মরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন, এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, গত ২৩ অক্টোবর থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জরুরি নয়, এমন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।
এদিকে বিমানবন্দরে হামলার ঘটনার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের দেশটির যেকোনো বিমানবন্দর ব্যবহারের আগে মিশনপ্রধানের বিশেষ অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দূতাবাস।
পাশাপাশি সৌদি আরবে সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের কোনো বিমানবন্দর ব্যবহারের সিদ্ধান্ত নিলে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।