ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ফুলব্রাইট স্কলারশিপে আবেদন চলছে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ৩ অক্টোবর ২০২৬
ফুলব্রাইট স্কলারশিপে আবেদন চলছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীদের জন্য ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ চলছে। আগামী বছরের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ এক্সচেঞ্জ প্রোগ্রামে ১০ বছর বা তার বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি সরকারি-বেসরকারি পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরত গবেষকরা আবেদন করতে পারবেন।

গত ৫০ বছরে প্রায় ২০০ বাংলাদেশি এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামের সাবেক অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষাবিদ, গবেষক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও উন্নয়ন পেশাজীবী রয়েছেন।

Advertisement

এ কর্মসূচির আওতায় পিএইচডি বা সমমানের পেশাগত ডিগ্রিধারী এবং নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে গবেষণা ও শিক্ষকতার প্রস্তাবনা রয়েছে—এমন প্রার্থীদের অনুদান দেওয়া হবে।

যেসব সুযোগ-সুবিধা মিলবে

নির্বাচিত স্কলাররা টিউশন ফি, যাতায়াতের বিমানভাড়া এবং থাকা-খাওয়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য মাসিক উপবৃত্তি পাবেন। পাশাপাশি বই কেনার ভাতা, স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা এবং ভ্রমণ ও লাগেজ ভাতাও দেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আবেদন করার সময় বাংলাদেশে অবস্থান করতে হবে। যারা যুক্তরাষ্ট্রের স্থায়ী অভিবাসন বা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, তারা এ কর্মসূচির জন্য যোগ্য হবেন না।

এর আগে ফুলব্রাইট ভিজিটিং স্কলার অনুদান পাওয়া ব্যক্তিকে বিশেষ ও অত্যন্ত বিরল পরিস্থিতিতে দ্বিতীয়বার অনুদান দেওয়া হতে পারে।

আবেদনকারীর শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিদেশে শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত, শিক্ষকতার জন্য আমন্ত্রণকারী প্রতিষ্ঠান থেকে পাওয়া চূড়ান্ত আমন্ত্রণপত্র এবং কোর্সের পাঠ্যক্রম জমা দিতে হবে।

আবেদনপত্রে পছন্দের ক্রমানুসারে কাঙ্ক্ষিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো বেছে নেওয়ার কারণও ব্যাখ্যা করতে হবে। আবেদনকারীকে ইংরেজি ভাষায় সাবলীল ও দক্ষ হতে হবে।

যেসব নথি লাগবে

আবেদনের সঙ্গে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি, তিনটি সুপারিশপত্র, আমন্ত্রণকারী প্রতিষ্ঠানের চূড়ান্ত আমন্ত্রণপত্র এবং জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

যেভাবে আবেদন

অনলাইনে ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রামে আবেদন করা যাবে। এজন্য প্রথমে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথি অনলাইন আবেদন ব্যবস্থায় ইলেকট্রনিকভাবে আপলোড করতে হবে।

আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।

আবেদনের শেষ সময়

ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

এ বিষয়ে আরও তথ্য জানতে [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!