ওয়াহিদ ওয়াসেক-এর দু'টি ছড়া
জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ
‘মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি
আজ আমাদের ছুটি ও ভাই—
আজ আমাদের ছুটি’।
এমন ছড়া পড়ছো কে কে
হাত তুলে দাও সাড়া
আজকে আবার জোরসে পড়ে
চমকিয়ে দাও পাড়া।
‘এক যে ছিল চাঁদের কোনায়
চরকা কাটা বুড়ি
পুরাণে তার বয়স লেখে
সাতশ হাজার কুড়ি’।
এসব ছড়া কে লিখেছে—
তাঁর ছবিটা আঁকো;
আঁকার আগে দিচ্ছি বলে
গ্রামটা জোড়াসাঁকো!
আমার ছড়া
আমার ছড়া ইশকুলে যায়
পুকুর, নদে সাঁতরায়—
আমার ছড়া অন্নদা আর
জসীম, রবীন্দ্রনাথ, রায়!
আমার ছড়া রান্না করে
ফিরনি, পায়েস, ভাত খায়—
আমার ছড়া পড়লে পাঠক
হঠাৎ একটু ছাঁৎ খায়!
আমার ছড়া লাটিম খেলায়
নাইচা নাইচা গান গায়—
আমার ছড়া নিজেই গ্রহ
বসত করে চান গাঁয়!
আমার ছড়া চিপস, চানাচুর
অল-টাইমের বান খায়!
আমার ছড়া জর্দা দিয়ে—
মুখভরে খুব পান খায়!
আমার ছড়া সবল, ধবল
গরমাগরম দুধ খায়—
আমার ছড়া মুরগিছানা
বারান্দাতে খুদ খায়!
আমার ছড়া বনবাদাড়ে
লাফায়ঝাপায়, খোঁড়া না—
আমার ছড়া দুষ্ট ভীষণ
কিন্তু পাগলা ঘোড়া না!