আইনজীবী হতে বয়সসীমা নির্ধারণ করল বার কাউন্সিল
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এ সিদ্ধান্ত জানিয়ে সোমবার (২৬ অক্টোবর) গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ বার কাউন্সিলের সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।
তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নতুন এই বয়সসীমা কার্যকরের ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারীদের ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখ থেকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমে নতুন বয়সসীমা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।