বিকেলের নাস্তায় সুস্বাদু পটেটো বল
আলু তো সব ঘরে থাকে। সাধারণ এই সবজি দিয়েই তৈরি করা যায় অসাধারণ স্বাদের সব খাবার। তাই আজকের বিকেলের নাস্তায় মুখরোচক খাবার হিসেবে রাখতে পারেন পটেটো বল। এটি সব বয়সীদের কাছেই পছন্দের একটি খাবার। পছন্দের সস কিংবা চাটনির সঙ্গে গরম গরম পটেটো বল হলে বিকেলের চায়ের আড্ডাটা জমবে বেশ। এটি তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক পটেটো বল তৈরির রেসিপিটি-
উপকরণ: সিদ্ধ আলু এক কাপ, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি আধা চা চামচ, ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১/৪ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, ইটালিয়ান মিক্সড হার্বস ১/৪ চা চামচ, কোরানো চিজ দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল ভাজার জন্য।
প্রণালী: প্রথমে একটি পাত্রে তেল বাদে বাকি সব উপকরণ নিন। এরপর ভালো করে করে চটকে মেখে নিন। প্রয়োজনে সামান্য পানি যোগ করে নিতে পারেন। এরপর এই মিশ্রণ দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিন। একটি ছোট বাটিতে দুই টেবিল চামচ ময়দা, এক চিমটি লবণ, এক চিমটি মরিচের গুঁড়া ও পানি দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিন। অন্য একটি বাটিতে ব্রেডক্রাম্ব নিন। ব্যাটারে চুবিয়ে বলগুলো ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এভাবে সবগুলো তৈরি করে নিন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিন। এরপর পটেটো বলগুলো ভাজুন। চুলার আঁচ মিডিয়াম লো রাখবেন। পটেটো বলগুলো বাদামি রং হয়ে এলে নামিয়ে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।
.png)