ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বুধবার থেকে কলেরা টিকার দ্বিতীয় ডোজ প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৭, ১ আগস্ট ২০২২
বুধবার থেকে কলেরা টিকার দ্বিতীয় ডোজ প্রদান
ফাইল ফটো

রাজধানীতে আগামী বুধবার থেকে কলেরার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু করতে যাচ্ছে আইসিডিডিআর,বি। 

স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে রাজধানীর ৫টি এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকা দেওয়া হবে। কর্মসূচি চলবে ১০ আগস্ট পর্যন্ত। তবে শুক্রবার ও মঙ্গলবার (৯ আগস্ট, আশুরার দিন) টিকা কার্যক্রম বন্ধ থাকবে।

এ বিষয়ে আইসিডিডিআরবি,র সিনিয়র সায়েন্টিস্ট ও ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফেরদৌসী কাদরী বলেন, কলেরা টিকা গ্রহণ করার পাশাপাশি নিরাপদ পানির ব্যবহার, নিরাপদ পয়োঃনিষ্কাশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ইউভিকল প্লাস নামের কলেরার টিকা দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি, যা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের দেওয়া হবে। অন্তঃসত্ত্বা নারী এবং বিগত ১৪ দিনের মধ্যে যারা অন্য টিকা গ্রহণ করেছেন; তারা ছাড়া সবাই এ টিকা নিতে পারবেন। এ টিকা নেয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেয়া যাবে না।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর জানায়, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও সবুজবাগ এলাকায় প্রথম ডোজ কলেরা টিকা গ্রহণকারী ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে। যারা ২৬ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন, তারা নিজ নিজ কেন্দ্রে টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: টিকা
লিংক সফলভাবে কপি হয়েছে!