মানবপাচার ঠেকাতে আসছে ডিজিটাল নজরদারি প্ল্যাটফর্ম
মানবপাচার প্রতিরোধ ও দমনে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং তথ্য ব্যবস্থাপনা জোরদার করতে একটি ‘ডিজিটাল মানবপাচার তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম’ চালু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে নতুন মানবপাচার আইন বাস্তবায়নে বিধিমালা সংশোধন, ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং ভুক্তভোগীদের সুরক্ষায় ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ব মানবপাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে আয়োজিত এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণ, মামলা পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়াতে এই ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে মানবপাচার-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ সহজ হবে, যা অপরাধের প্রবণতা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, মানবপাচারের পরিবর্তিত ধরন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সরকার ইতোমধ্যে 'মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬' প্রণয়ন করেছে। নতুন এই আইনে অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করার পাশাপাশি অনলাইন স্ক্যাম সেন্টারে জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের বিষয়টিকেও আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে মানবপাচার প্রতিরোধ ও দমন বিধিমালা, ২০১৭ সংশোধনের কাজ চলছে এবং ২০২৬-২০৩০ মেয়াদের নতুন জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
ভুক্তভোগীদের পুনর্বাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দ্রুত শনাক্তকরণের মাধ্যমে চিকিৎসা, মানসিক ও আইনি সহায়তা নিশ্চিত করতে ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) আরও কার্যকর করা হচ্ছে। মানবপাচার কেবল আইনশৃঙ্খলা নয়, বরং উন্নয়ন ও মানবাধিকারের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি এ সংকট মোকাবিলায় সরকার, বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।