ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৫, ৩০ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

চার দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীতে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির যৌথ উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলটির সদস্যসচিব আখতার হোসেন এমপি। এ ছাড়া এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্যসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে— ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার ও বাকস্বাধীনতাবিরোধী সব আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা। এ ছাড়া জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে অবিলম্বে তা কার্যকরের দাবিও জানিয়েছে দলটি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত এ গণবিক্ষোভে দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে গত এক সপ্তাহ ধরে লিফলেট বিতরণ করেছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!