ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, বাংলাদেশের বার্তা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি না করে, বাংলাদেশের বার্তা
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: মুখপাত্রের দপ্তর

ভারতে পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

Advertisement

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন বাধে উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।

দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক রূপরেখা নিয়ে আলোচনাকালে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে বৈঠকে উভয় পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা সম্ভাবনাময় ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।  সূত্র: বাসস

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!