ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

স্থানীয় নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বাতিল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:৩০, ১৭ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বাতিল
ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনিরের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

Advertisement

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সাধারণ নির্বাচনের বিষয়ে অদ্য ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা আয়োজন করা হয়। ওই সভায় আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার প্রেক্ষিতে পুনরায় এ বিষয়ে আলোচনার আবশ্যকতা না থাকায় আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় আইনশৃঙ্খলা বিষয়ক সভাটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এর আগে, এই বৈঠকের জন্য সময় নির্ধারণ করা হয়েছিল ১৬ সেপ্টেম্বর। এরপর তা পরিবর্তন করে করা হয় ২১ সেপ্টেম্বর এবং আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক  সভা শেষে তা বাতিল করা হলো।

চিঠিটি যাদের বরাবর পাঠানো হয়েছে তারা হলেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক।

ঠাকুরগাঁও-১ আসনের তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!