মস্তিষ্কে বুলেট, শরীরে ৪৭ ছররা গুলি: রীপার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মধ্যবাড্ডার বাজার গলিতে রীপা গোমেজের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজের বিষয়ে জানতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রীপা গোমেজের খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। তার ডান চোখের কোটরে গুরুতর আঘাত লাগে। একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।
গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দৃষ্টিশক্তির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা। একদিকে নিয়মিত চিকিৎসার ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়া-সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি। নিজের চিকিৎসার খরচ জোগাতে অন্য রোগীদের সেবা দিয়েও জীবিকা নির্বাহের চেষ্টা করছেন এই নার্স।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এসব তথ্য জানান।