ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ২৯ অক্টোবর ২০২৬
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭২ বাংলাদেশি
সংগৃহীত ছবি

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৫১ মিনিটে লিবিয়ার মিসরাতা শহর থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হয়েছে।

দেশে ফেরার পর বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তা ও প্রতিনিধিরা তাদের অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফেরত আসা বাংলাদেশিদের একটি বড় অংশ মানবপাচারকারীদের প্রলোভন ও সহযোগিতায় সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে অনিয়মিতভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।

অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে, দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে আইওএমের পক্ষ থেকে পকেট খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা অনিয়মিত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!