ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিডসের জালে ম্যানচেস্টারের চার গোল জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২২
লিডসের জালে ম্যানচেস্টারের চার গোল জয়
ম্যানচেস্টার ইউনাইটেডের উল্লাস

প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে রালফ রাংনিকের দল।

রোববার প্রতিপক্ষের মাঠে রোমাঞ্চকর ম্যাচটি ৪-২ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হ্যারি ম্যাগুইয়ার ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ম্যানচেস্টারের দলটি এগিয়ে যাওয়ার পর লিডসকে ম্যাচে ফেরান রদ্রিগো ও রাফিনিয়া। সফরকারীদের পরের দুটি গোল করেন ফ্রেদ ও এন্থনি এলেঙ্গা।

ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম সুযোগটি পায় লিডস। সতীর্থের ক্রসে ডি-বক্সে জ্যাক হ্যারিসনের জোরাল ভলি উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ২২তম মিনিটে অ্যাডাম ফরশোর প্রচেষ্টা ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক দাভিদ দে হেয়া।

Advertisement

২৬তম মিনিটে সুবর্ণ সুযোগ পান ক্রিস্তিয়ানো রোনালদো। পল পগবা দারুণভাবে বল বাড়ান পর্তুগিজ তারকাকে। কিন্তু কাছ থেকে সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট ফিরিয়ে দেন গোলরক্ষক।

৩৪তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। লুক শর কর্নারে ডি-বক্সে হেডে গোলটি করেন অধিনায়ক ম্যাগুইয়ার। বিরতির আগে জ্যাডন স্যানচোর ক্রসে হেডেই ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ৫৯ সেকেন্ডের মধ্যে দুই গোল করে ম্যাচে ফেরে লিডস। রদ্রিগো দারুণ গোলে ব্যবধান কমানোর পর কাছ থেকে সমতা টানেন রাফিনিয়া।

৬৭তম মিনিটে পগবার জায়গায় ফ্রেদকে নামান কোচ। দুই মিনিট পরই দারুণ গোলে দলকে এগিয়ে নেন তিনি। স্যানচোকে পাস দিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ঢুকে পড়েন ভেতরে। ফিরতি বল পেয়ে বাঁ পায়ের শটে দুরূহ কোণ থেকে খুঁজে নেন ঠিকানা।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে সব অনিশ্চয়তার প্রায় ইতি টেনে দেন এলেঙ্গা। ফের্নান্দেসের পাস থেকে গোলটি করেন ফ্রেদের সঙ্গেই বদলি নামা ১৯ বছর বয়সী এই সুইডিশ ফরোয়ার্ড।

২৬ ম্যাচে ১৩ জয় ও ৭ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!