ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফিফ-মিরাজের ব্যাটে পাল্টা আক্রমণে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০২২
আফিফ-মিরাজের ব্যাটে পাল্টা আক্রমণে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আফগানদের বোলিং তোপে শুরুতেই ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল টাইগাররা। তবে আফিফ ও মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে ফের ম্যাচে ফিরেছে স্বাগতিক দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান। এর আগে ৪৯.১ ওভারে ২১৫ রানে অল আউট হয়েছে আফগানিস্তান।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারেই আসে ১২ রান। তবে তৃতীয় ওভারে খারাপ সময়ের শুরু। মাত্র ৩ বলের ব্যবধানে দুই ওপেনারকে সাজঘরে ফেরান ফজল হক ফারুকি। তামিম ৮ ও লিটন ১ রান করেন।

Advertisement

নিজের পরের ওভারে ফারুকি ফেরেন আরো ভয়ংকর রূপে। এবারো তিনি নেন ২ উইকেট। ৩ রান করা মুশফিকুর রহিমকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর অভিষিক্ত ইয়াসির আলি রাব্বিকে রানের খাতাই খুলতে দেননি এই পেসার। করেন সরাসরি বোল্ড।

সাকিব ১০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৮ রানে ফিরলে বাংলাদেশের স্কোরবোর্ডের অবস্থা দাঁড়ায় ৬ উইকেটে ৪৫ রান। এমতাবস্থায় বড় ব্যবধানে হারের প্রমাদ গুনছিলেন টাইগার সমর্থকরা। তবে তা আর হতে দেননি আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজ।

আফিফ-মিরাজের ব্যাটে ধংসস্তুপের মধ্য থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে বাংলাদেশ। এরই মধ্যে আফিফ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। মিরাজও আছেন একই পথে। দুজনে অপরাজিত আছেন যথাক্রমে ৫১ ও ৩৯ রানে। 

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের তৃতীয় ওভারেই আসে সাফল্য।

মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে তামিম ইকবালের তালুবন্দী হন গুরবাজ। এর আগে তিনি করেন ৭ রান। এরপর রহমত শাহ ও ইব্রাহিম দুজন মিলে দলকে ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন। দুজনে গড়েন ৪৫ রানের জুটি। ১৯ রান করা ইব্রাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। 

রহমত শাহ ৩৪ ও শাহিদী ২৮ রানে আউট হলে ১০২ রানেই ৪ উইকেট হারায় আফগানরা। এমন সময় আফগানদের অল্পেই অল আউট হওয়ার হাত থেকে বাঁচান নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী। নাজিব ও নবীর ৬৩ রানের জুটিতে ম্যাচে ফেরে আফগানিস্তান। নবী আউট হন ২০ রানে। 

এরপর একই ওভারে গুলবাদিন নাইব ও রশিদ খানকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। নাইব ১৭ রান করলেও রানের খাতা খুলতে পারেননি রশিদ। পরের ওভারে মুজিব উর রহমানকে আউট করেন মুস্তাফিজুর রহমান। এর মাঝে একপ্রান্ত আগলে হাফ সেঞ্চুরি পূরণ করেন নাজিবুল্লাহ। নবম উইকেট হিসেবে আউট হওয়ার আগে এই ব্যাটার খেলেন ৮৪ বলে ৬৭ রানের ইনিংস।

নিজের শেষ ওভারের প্রথম ডেলিভারিতেই আহমাদজাইকে আউট করেন মুস্তাফিজ। এর মাধ্যমে শেষ হয় আফগানদের ইনিংস। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ তিনটি এবং তাসকিন, শরিফুল ও সাকিব দুটি উইকেট নেন। বাকী উইকেটটি শিকার করেন মাহমুদউল্লাহ রিয়াদ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!