ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪, ৯ মার্চ ২০২২
ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন গাভাস্কার
শেন ওয়ার্ন

সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ও সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার দাবি, প্রশ্নকর্তা এমন এক সময়ে তাকে এই প্রশ্ন করে ঠিক করেননি।

মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন শেন ওয়ার্ন। ইতিহাসের সেরা লেগ স্পিনারকে চিরতরে হারিয়ে শোকের সাগরে ভাসছে ক্রিকেট বিশ্ব। তবে এমন পরিস্থিতিতে ওয়ার্নকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন গাভাস্কার।

গাভাস্কার মনে করেন, ওয়ার্ন মোটেও গ্রেটেস্ট স্পিনার নন। নিজের এমন দাবির পেছনে যুক্তিও দেখিয়েছেন তিনি। গাভাস্কারের যুক্তি, উপমহাদেশের স্পিন বান্ধব কন্ডিশনে ওয়ার্ন অন্তত সমসাময়িক স্পিনারদের তুলনায় তেমন সফল ছিলেন না।

Advertisement

গাভাস্কার বলেন, ‘আমি মোটেই ওয়ার্নকে গ্রেটেস্ট বলব না। ভারতীয় স্পিনাররা এবং মুত্তিয়া মুরালিধরন এগিয়ে থাকবে এক্ষেত্রে। কারণ ওয়ার্নের রেকর্ডের দিকে তাকানো হোক। একদমই সাদামাটা। ভারতে একবারই ও পাঁচ উইকেট পেয়েছিল, নাগপুরে। তাও জাহির খান বেপরোয়া ব্যাট করেছিল বলে পাঁচ উইকেট শিকার করতে পেরেছিল।’

এমন মন্তব্যের পর গাভাস্কারকে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। অবশেষে ইনস্টাগ্রামে সেই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন গাভাস্কার।

গাভাস্কার বলেন, ‘এই পরিস্থিতিতে এই প্রশ্ন করা উচিৎ হয়নি। উত্তর দেওয়াও ঠিক হয়নি। তুলনা করার ঠিক সময় এটা নয়। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, ওয়ার্ন গ্রেটেস্ট স্পিনার কি না। আমি আমার উত্তর দেওয়ার ক্ষেত্রে সৎ ছিলাম।’ 

ওয়ার্ন ও একই দিনে প্রয়াত আরেক অস্ট্রেলীয় কিংবদন্তি রডনি মার্শের আত্মার শান্তি কামনা করে তিনি আরও বলেন, ‘ওয়ার্ন ক্রিকেটের অন্যতম গ্রেট। রডনি মার্শ অন্যতম সেরা উইকেটরক্ষক। তাদের আত্মা শান্তি পাক।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: শেন ওয়ার্ন
লিংক সফলভাবে কপি হয়েছে!