ডিপিএল সুপার লিগে সাকিবকে চায় মোহামেডান
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেওয়ায় জটিল অবস্থায় পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেটের শক্তিশালী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বিসিবির এমন সিদ্ধান্তে সাকিব কেবল পুরো দক্ষিণ আফ্রিকা সফরই মিস করবেন তা নয়, আগামী ১৫ মার্চ শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) মিস করবেন তিনি।
ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) যদিও এখন পর্যন্ত ডিপিএলের সূচি প্রকাশ করেনি। তবে ৩০ এপ্রিলের আগেই তা শেষ হয়ে যেতে পারে।
.png)
মুলত সাকিবকে কেন্দ্র করেই গঠিত মোহামেডান বিসিবির এমন সিদ্ধান্তে বেশ হতাশ। তবে অন্তত সুপার লিগ পর্বে সাকিবকে পেতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে ক্লাবটি।
এ বিষয়ে মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, সাকিবকে অন্তত সুপার লিগ পর্বে খেলার সুযোগ দানের অনুরোধ জানিয়ে তারা বিসিবিকে চিঠি দেবে। তবে তার আগে তারা সাকিবের সঙ্গে আলোচনায় বসবে, ডিপিএল খেলার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুত কি না।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে মাসুদুজ্জামান বলেন, ‘আমরা আগে সাকিবের সঙ্গে বসবো। ডিপিএল খেলার জন্য সে মানসিক ও শারীরিকভাবে ফিট কি না সেটা জানার জন্য। সে রাজি থাকলে আমরা তাকে অন্তত সুপার লিগ পর্বে খেলাতে চাই। কেন না দলের সুপার লিগ পর্বে ওঠার বিষয়ে আমরা বদ্ধ পরিকর।
ডিপিএলে অংশ নেয়া ১২টি দলের মধ্যে ৬টি দল সুপার লিগ পর্বে খেলবে। আজ রাতেই সাকিব দেশে ফিরছেন বলেও জানান মাসুদ।
এর আগে মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। বর্তমানে শারীরিক ও মানসিক দিক থেকে ভাল অবস্থায় না থাকায় খেলাটা উপভোগ করছে না জানিয়ে বিশ্রাম চেয়েছেন সাকিব।