ইউনাইটেডে রোনালদো ও রুনি দুজনই তাদের ক্যারিয়ারের শুরুর দিকে যোগ দিয়েছিলেন। একসঙ্গে ক্লাবের হয়ে অনেক শিরোপা জেতার পাশাপাশি দুজনের মধ্যে সম্পর্কটাও ছিল দারুণ। তবে ২০০৬ বিশ্বকাপের এক ঘটনায় চিড় ধরে তাদের সে সম্পর্কে।
সেই আসরের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও ইংল্যান্ড। টাইব্রেকারে ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল রোনালদোর দল। তবে ফল ছাপিয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল দ্বিতীয়ার্ধে পাওয়া রুনির লাল কার্ড। তার একটি ফাউলকে কেন্দ্র করে রেফারিকে লাল কার্ড দেখাতে প্ররোচিত করেছিলেন রোনালদো।
.png)
শনিবার ম্যানচেস্টারে একটি ইভেন্টে ওই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে রুনি বলেন, রোনালদো ডাইভ দিতে পছন্দ করেন। তিনি বলেন, বিশ্বকাপের সেই ম্যাচের পর আমি ক্রিস্টিয়ানোর সঙ্গে টানেলে কথা বলেছিলাম। তার সঙ্গে আমার কোনো সমস্যা ছিল না।
তিনি আরো বলেন, আমি বলেছিলাম, ‘আমাকে লাল কার্ড দেখানোতে তোমার ভূমিকাতে আমার কোনো সমস্যা নেই, কারণ প্রথমার্ধে আমি তাকে ডাইভিংয়ের জন্য কার্ড দেখানোর চেষ্টা করেছিলাম।’
এরপর রুনি বলেন, রোনালদো একই সঙ্গে খুব ভালো ছিল আবার বিরক্তিকরও। সে সম্ভবত খেলোয়াড় হিসেবে এখন আর ততটা ভালো নয়। তবে সে সম্ভবত ঠিক আগের মতোই বিরক্তিকর।
২০০৬ বিশ্বকাপের সেই ঘটনার পর সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল, রুনি ও রোনালদোর মধ্যে আগের সেই বন্ধুত্ব নেই। তবে রুনি জানালেন, তাদের সম্পর্কটা সবসময়ই দারুণ।
রুনি বলেন, আমি ইংলিশ, সে পর্তুগিজ। যখন আমরা প্রতিপক্ষ হিসেবে খেলতাম তখন তাকে কোনো ছাড় দিতাম না। তখন সে আমার বন্ধু নয়। কিন্তু যখন খেলা শেষ হত, তখন আমরা আবার বন্ধু হয়ে যেতাম।