ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশের সাবেক কোচ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ১২ এপ্রিল ২০২২
সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশের সাবেক কোচ
চার্ল ল্যাঙ্গাভেল্ট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কয়েক মাস কাজ করেছেন চার্ল ল্যাঙ্গাভেল্ট। বর্তমানে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ হিসেবে কাজ করছেন তিনি। সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাবেক এ ক্রিকেটার।

পোর্ট এলিজাবেথে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ল্যাঙ্গাভেল্ট এবং নিরাপত্তা ব্যবস্থাপক ওয়াদেও। সিরিজ শুরু হওয়ার আগে দুই বোর্ডের মধ্যকার প্রটোকল মোতাবেক বাড়ি ফিরছিলেন তারা। বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন এই দুজন।

বাড়িতেই দুজনের আইসোলেশনে থাকার কথা ছিল। কিন্তু যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাদের পরিবহনটি। অবশ্য অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ল্যাঙ্গাভেল্ট ও ওয়াদেও। 

Advertisement

হোয়াটসঅ্যাপে এক খুদে বার্তায় ল্যাঙ্গাভেল্ট লিখেছেন, আমরা ভালো ও সুস্থ আছি। কোনো চোট নেই। স্রষ্টাকে অশেষ ধন্যবাদ।

সড়ক দুর্ঘটনার কবলে পড়ার পরপরই একটি বিবৃতি দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। মূলত তাদের শরীরে কোভিডের লক্ষ্মণ থাকায় বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এ বিষয়ে সিএসএ বিবৃতিতে বলে, তাদের শরীরে মৃদু উপসর্গ (কোভিডের) ছিল। দুজনেই তাই গাড়িতে করে বাড়ি ফিরে কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত বাড়ি ফেরার পথে গন্তব্যে পৌঁছানোর কিছু আগে তারা দুর্ঘটনার কবলে পড়েছেন। দুজনই নিরাপদ এবং সুস্থ রয়েছেন। নিজেদের পরিবারের সঙ্গেই রয়েছেন।

কোভিড পজিটিভ থাকার কারণে দলের সঙ্গে চতুর্থ দিন থাকতে পারেননি এ পেস বোলিং কোচ। অবশ্য চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগে কোভিড পজিটিভ হয়েছিলেন দুই প্রোটিয়া ক্রিকেটারও। যে কারণে ওপেনার সারেল আরভি ও অলরাউন্ডার ভিয়ান মুল্ডার ম্যাচ থেকেই ছিটকে যান।

শুধু তারাই নন, কোভিডে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। যে কারণে দলের সঙ্গে থাকতে পারেননি তিনি। কোভিড ধরা পড়ার পর বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন ডমিঙ্গো।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!