ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টিকিট বিক্রির নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ১৬ এপ্রিল ২০২২
টিকিট বিক্রির নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা
ন্যু ক্যাম্প

ন্যু ক্যাম্পে ইউরোপিয়ান প্রতিযোগিতার ম্যাচে প্রতিপক্ষের এত দর্শক আর দেখতে চায় না বার্সেলোনা। আর তাই স্প‍্যানিশ ক্লাবটি টিকেট নীতিতে পরিবর্তন আনার উদ‍্যোগ নিয়েছে।

ইএসপিএন-এর খবর অনুযায়ী, ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রায় ৩০ হাজার সমর্থক ছিল। অথচ জার্মান ক্লাবটির জন‍্য কেবল ৫ হাজার টিকেট বরাদ্দ ছিল। এই পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে টিকেট নীতিতে বদল আনার কথা জানান বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।

শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইউরোপিয়ান প্রতিযোগিতায় ন্যু ক্যাম্পের টিকেট হস্তান্তর করা যাবে না।

Advertisement

ওই ম‍্যাচে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। যোগ করা সময়ে দুটি গোল শোধ করতে পারলেও লাভ হয়নি। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে পা রাখে আইনট্রাখট।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, দর্শক সমর্থনের এই ব্যাপারটি কিছুটা হলেও তাদের খেলায় প্রভাব রাখতে পারে। লাপোর্তা ম্যাচের পর বার্সা টিভিকে বলেন, প্রতিপক্ষের এত সমর্থকের মাঠে আসার এই ঘটনায় তিনি বিব্রত ও লজ্জিত।

ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, মাঠে সেদিন উপস্থিত ছিল ৭৯ হাজার ৪৬৮ জন দর্শক। বার্সেলোনা জানায়, খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে মৌসুমের টিকেটধারী ছিল ৩৭ হাজার ৭৪৬ জন। আইনট্রাখটের জন্য বরাদ্দকৃত ৫ হাজার টিকেট ও উয়েফার আমন্ত্রিত অতিথি ছাড়া বাকি ৩৪ হাজার ৪৪০ জন টিকেট সংগ্রহ করেছিলেন অন্য মাধ্যমে।

লাপোর্তা জানান, আইনট্রাখট ম্যাচের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি বলেন, আমি যে পদক্ষেপগুলো ঘোষণা করতে পারি এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা হলো, আন্তর্জাতিক প্রতিযোগিতার টিকেট আর হস্তান্তর করা যাবে না।

তিনি আরো বলেন, লোকেরা যে নিয়ম ভেঙেছে তার জন্য ক্লাব দায়ী নয়। এমন কিছু এড়াতে আমরা সব ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু এমন কিছু লোক আছে তারা মনে করে ক্লাব, সমর্থক ও সদস্য যারা ন্যু ক্যাম্পে দলকে সমর্থন করতে এসেছিল তাদের ক্ষতি হওয়া সত্ত্বেও তারা এমন কাজ করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!