ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলে মুস্তাফিজের দলের আজকের ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২০ এপ্রিল ২০২২
আইপিএলে মুস্তাফিজের দলের আজকের ম্যাচ নিয়ে শঙ্কা
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে প্রথম দল হিসেবে করোনার কবলে পড়েছে দিল্লি ক্যাপিটালস। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে মুস্তাফিজুর রহমানের দলের মাঠে নামার কথা রয়েছে। কিন্তু করোনার কারণে দলটির ম্যাচ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এরই মধ্যে অবশ্য অনুশীলন করেছে দিল্লি ক্যাপিটালস। তবে এখনো অনিশ্চয়তা ঘিরে রয়েছে রিশাভ পান্টদের। পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামার আগে প্রথম একাদশে কারা থাকবেন তা এখনও ঠিক নয়।

মূলত দলের আরো কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন কি না সেই চিন্তা ঘিরে ধরেছে দিল্লি শিবিরকে। তার প্রভাব পড়তে পারে দলের খেলার উপর।

Advertisement

এবারের মৌসুমে খুব ভাল জায়গায় নেই দিল্লি। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে রিশাভ পান্ট-মুস্তাফিজুর রহমানরা। প্রথম চারের লড়াইয়ে থাকতে হলে পাঞ্জাবকে হারাতেই হবে তাদের।

কিন্তু গত কয়েক দিন ধরে ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। অনুশীলন করার সুযোগ পাননি তারা। ফলে ক্রিকেটাররা মাঠে নামার জন্য কতটা তৈরি রয়েছেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

এরই মধ্যে মিচেল মার্শ-সহ দিল্লির চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট কয়েক দিন আগে করোনা আক্রান্ত হন। তার কাছে রিহ্যাব করছিলেন মার্শ। মনে করা হচ্ছে সেখান থেকেই আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।

প্রথম দিকে উপসর্গ না থাকায় কোনোভাবে ধরা পড়েনি যে তিনি আক্রান্ত। চার জন আক্রান্ত হওয়ার পরেই দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পুনে থেকে সরিয়ে আনা হয়েছে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে।

বুধবার সকালে দিল্লির প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্ট এলে তার পরে বুধবারের ম্যাচ নিয়ে কোনো সিদ্ধান্ত জানাবে বিসিসিআই। সব মিলিয়ে আইপিএলের মাঝে অন্য সমস্যায় পান্টরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!