গুগলের অ্যালফাবেট ইঙ্ক সংস্থা আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী বলে জানা গেছে। সেই সঙ্গে আরো অনেক সংস্থা ক্রিকেট পাগল ভারতের কোটি টাকার লিগের প্রতি আগ্রহী।
আমেরিকার এক সংস্থা যাদের ইউটিউবের মতো ওয়েবসাইট রয়েছে তারাও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) থেকে দরপত্র নিয়েছে বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টও দরপত্র নিয়েছে।
.png)
এছাড়া বিসিসিআইয়ের কাছ থেকে দরপত্র কিনেছে অ্যামাজন, ওয়াল্ট ডিজনি, মুকেশ আম্বানির রিলায়েন্স, সনি গ্রুপ, জি এন্টারটেইনমেন্ট, ড্রিম ইলেভেনের মতো সংস্থা।
গুগলের আইপিএলের প্রতি আগ্রহ বুঝিয়ে দিচ্ছে বিশ্বজুড়ে আইপিএল নিয়ে আলোচনা রয়েছে। প্রিমিয়ার লিগের পরই সবচেয়ে বেশি দর্শক রয়েছে আইপিএলে। ভারতীয় বোর্ড সূত্রে খবর, গত বছর ৬০ কোটি মানুষ আইপিএল দেখেছিলেন।
এদিকে বিসিসিআইয়ের তরফে আইপিএলের মূল্য প্রায় ৫৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। ২০২৩-২৭ সালের জন্য আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি করতে চায় বোর্ড। সেই দরপত্র কেনা মানেই যে কেউ দর হাঁকবে আইপিএলের জন্য তা বলা যায় না। তবে আইপিএলের দিকে যে অনেক মানুষের নজর থাকে তা স্পষ্ট।