রোনালদোর বিরুদ্ধে কোচের অভিযোগ
অনেক আশা নিয়ে দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে সরে যাচ্ছেন রালফ রাংনিক। বিদায়বেলায় বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যেই আগ্রাসী ফুটবল খেলতে পারেনি তার দল।
রোনালদো নাকি বিপক্ষের উপর যথেষ্ট চাপ দিতে পারেন না। স্বাভাবিক ভাবেই এই মন্তব্য ঘিরে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, যিনি ২৪টা গোল করেছেন মৌসুমে, তার প্রতি কি এ ধরনের মন্তব্য মানায়?
বিদায়ের আগে রাংনিক বলেন, আমরা যে এবার আক্রমণাত্মক, সক্রিয় ফুটবল খেলতে পারিনি, এটা স্বীকার করে নিচ্ছি। যদি সে রকম খেলতে হয় তা হলে শারীরিক ভাবেও আমাদের ফিট থাকতে হবে।
.png)
তিনি আরো বলেন, লিভারপুলে ইয়ুর্গেন ক্লপের প্রথম মৌসুমের কথা মনে করে দেখুন। ওরা কিন্তু সেবার আগ্রাসী ফুটবল খেলতে পারেনি। দেড় মৌসুম লেগেছিল সেই জায়গায় পৌঁছতে। আটে থেকে শেষ করেছিল ওরা।
এরপর রোনালদোকে নিয়ে রাংনিক বলেন, ক্রিস্টিয়ানো কিছু গোল করেছে ঠিকই, কিন্তু আক্রমণের ব্যাপারে ওকে মোটেই সফল বলা যাবে না। তবে সব দোষ ওর উপরে দিচ্ছি না। কিছু ম্যাচে ও ভাল খেলেছে।
ইউনাইটেডের সাবেক এই কোচ যোগ করেন, একই কথা বলতে পারি দলের আরও কিছু ফুটবলারের জন্যে। একটা সময় এই কারণেই আমাদের আপস করতে হয়েছে। সঠিক ভারসাম্য আমরা পাইনি।