ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪১, ৩ জুন ২০২২
জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত সাকিব
সাকিব আল হাসান

তৃতীয় দফায় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন উইন্ডিজ সফরে তারই নেতৃত্বে খেলবে টাইগাররা। তবে এরপর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অনিশ্চিত বাংলাদেশের সাদা পোশাকের নতুন অধিনায়ক। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান নাজমুল হাসান পাপন।

গত দেড় বছরে বাংলাদেশ যে পরিমাণ টেস্ট খেলেছে তার সিংহভাগেই অনুপস্থিত ছিলেন সাকিব। ২০২১ সাল থেকে বাংলাদেশের খেলা ১৩ টেস্টের মধ্যে মাত্র ৫ ম্যাচে খেলেছেন তিনি। বাকি ৮ টেস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছিলেন না টাইগার অলরাউন্ডার। 

তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সব ম্যাচেই খেলার প্রতিশ্রুতি দিয়েছেন সাকিব। নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী জিম্বাবুয়ে সিরিজে তার খেলা নিয়ে সংশয় আছে। তাছাড়া বাকি সব সিরিজেই সাকিবকে নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি।

পাপন বলেন, আমার সঙ্গে যা কথা হয়েছে। আমার সাথে না শুধু অনেকের সাথে কথা হয়েছে। আমি যতটুক জানতে পেরেছি, সে খেলবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের পর জিম্বাবুয়ের সাথে খেলা আছে। এখন সেখানে সাকিব অনিশ্চিত। তবে কতদিন সাকিব অধিনায়ক থাকবে সেটা বলা মুশকিল।

এদিকে গত ৩১ মে টেস্ট থেকে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুমিনুল হক। সেদিন বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মুমিনুল জানিয়েছিলেন, তিনি আর অধিনায়কত্ব করতে চান না।

এমন খবরের পরই, আলোচনায় ছিল কে হবেন বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক। এই আলোচনায় সাকিবের পাশাপাশি লিটন দাস এবং তামিম ইকবালের নামও ছিল। তবে শেষ পর্যন্ত সাকিবের ওপরই ভরসা রেখেছে বিসিবি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!