ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পাকিস্তানে পাওয়া শিক্ষা নিয়ে বাংলাদেশকে হারাতে চান পুরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ১৪ জুন ২০২২
পাকিস্তানে পাওয়া শিক্ষা নিয়ে বাংলাদেশকে হারাতে চান পুরান
নিকোলাস পুরান

তবে কি নেতৃত্ব পেয়েই নিকোলাস পুরানের ব্যাটের ধার কমে গেল? অধিনায়ক হিসেবে দুটি সিরিজেই যে চরম ব্যর্থ তিনি! এর মধ্যে পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর নিজের ব্যাটিং নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন উইন্ডিজের সাদা বলের অধিনায়ক।

তবে সে হতাশা ভুলতে এখন বাংলাদেশের দিকে তাকিয়ে পুরান। পূর্ণাঙ্গ সফরে এখন উইন্ডিজে রয়েছেন সাকিব-তামিমরা। ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে পুরান নেই। তবে বাংলাদেশের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ তার নেতৃত্বেই খেলবে স্বাগতিকরা।

পাকিস্তান আসার আগে নেদারল্যান্ডসে ৩-০-ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা। তবে দুই সিরিজের একটি ওয়ানডেতেও পুরানের ব্যাট হাসেনি। অধিনায়ক হিসেবে প্রথম দুই সিরিজের ছয় ওয়ানডেতে ১৩.৫০ গড়ে মাত্র ৮১ রান করেছেন পুরান।

Advertisement

১৫ ইনিংস আগে সর্বশেষ হাফসেঞ্চুরি করেছিলেন পুরান। তাই নিজের ব্যাটিং নিয়ে ভীষণ হতাশ তিনি। উইন্ডিজ অধিনায়ক বলেছেন, ‘সর্বশেষ ১০-১২ ইনিংসে আমি রান করতে পারিনি। নিজের ব্যাটিং নিয়ে আমি খুবই হতাশ। বিশেষ করে ওয়ানডেতে।’

তবে সিরিজ হারলেও পাকিস্তানে দল হিসেবে অনেক কিছু শিখেছেন বলেও জানান তিনি। পুরানের ভাষায়, ‘শেষ দুটি ম্যাচ আমাদের জন্য বেশ হতাশার। আমাদের ব্যাটিং খুবই বাজে ছিল। তবে দল হিসেবে আমরা মন্দ খেলিনি। পাকিস্তানের মাটিতে এই সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি।’

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে সেটা কাজে চান বলেও জানান পুরান, ‘আর কিছুদিন পরই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে। এ সিরিজটির দিকে আমরা তাকিয়ে আছি। আশা করছি, পাকিস্তান সিরিজে পাওয়া অনেক শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে।’

১৬ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্যও দলকে বার্তা দিয়েছেন পুরান, ‘উইকেট নিতে হবে, রান করতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। টেস্ট দলকে আমি শুভকামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে আবারও সিরিজ জয়ের অপেক্ষায় আছি আমি।’

গত রোববার মুলতানে শেষ ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে উইন্ডিজকে ৫৩ রানে পরাজিত করে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে সাদাব খানের মারকুটে ৮৬ রানের ইনিংসে ২৬৯ রান করে স্বাগতিকরা। ধুলোর-ঝড়ের কারণে উইন্ডিজকে ৪৮ ওভারে ২৭০ রানের টার্গেট দেওয়া হয়। কিন্তু তারা ২১৬ রানে অলআউট হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!