ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের ভাবনায় পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২৯ জুন ২০২২
ভারতকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজের ভাবনায় পাকিস্তান
ফাইল ছবি

শেষ পর্যন্ত ভারতকে বাদই দিয়ে দিল পাকিস্তান। চার দেশের বদলে টি-২০ ফরম্যাটে ত্রিদেশীয় প্রতিযোগিতা আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিকল্পনা অনুসারে অন্য দু’টি দল হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। আইসিসির কাছে এই প্রতিযোগিতার জন্য নির্দিষ্ট সময়ের দাবি জানাবে পিসিবি।

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর ত্রিদেশীয় টি-২০ প্রতিযোগিতার জন্য সময় চায় পাকিস্তান। কমনওয়েলথ গেমসের সময় বার্মিংহামে আইসিসি-র সভায় এই দাবি জানাবেন রামিজ।

প্রথমে চতুর্দেশীয় প্রতিযোগিতা আয়োজনের কথা ভেবেছিল পিসিবি। সেই পরিকল্পনায় ছিল ভারত। কিন্তু ভারত-পাকিস্তানের শীতল রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের জন্য সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়া নিয়ে নিশ্চিত নন পিসিবি কর্তারা। তাই ভারতকে বাদ দিয়ে ত্রিদেশীয় প্রতিযোগিতা করার পরিকল্পনা করা হচ্ছে।

Advertisement

পিসিবির এক কর্তা বলেছেন, ‘আইসিসির ঠাসা সূচি থেকে সময় বের করা কঠিন। তাও আমরা আশাবাদী। বছরে কয়েকটা দিন পাওয়া যেতেই পারে। পিসিবি সব কিছু খতিয়ে দেখছে। পরিকল্পনা চূড়ান্ত হলে রামিজ বিস্তারিত জানাবেন। আমরা আশা করছি, আগামী বছর থেকে প্রতিযোগিতা করতে সমস্যা হবে না।’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের জন্য আইসিসির বৈঠকে বেশি সময় চাইতে পারে। পাকিস্তানও ত্রিদেশীয় প্রতিযোগিতা নিয়ে নির্দিষ্ট সময় চাইবে। পিসিবি সভাপতি এর মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইসিবির সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। দুই বোর্ডই ইতিবাচক সাড়া দিয়েছে বলে দাবি পিসিবির ওই কর্তার।

অন্যদিকে টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের সঙ্গে সাতটি ২০ ওভারের ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের ম্যাচগুলো দু’তিনটি শহরের মধ্যে আয়োজন করার পরিকল্পনা নেয়া হয়েছে।

প্রথমে মুলতান, ফয়সলাবাদের মতো ছোট কেন্দ্রগুলিতেও ম্যাচ আয়োজনের কথা ভাবা হয়েছিল। কিন্তু ইংল্যান্ড দল বেশি শহরে ঘুরে খেলতে রাজি নয়। জুলাই-আগস্ট মাসে ইসিবির প্রতিনিধি দল নিরাপত্তা-সহ সব কিছু খতিয়ে দেখতে পাকিস্তানে আসবে।

সাত ম্যাচের সিরিজ হতে পারে ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে। করাচি, লাহোর ছাড়া রাওয়ালপিণ্ডিতে হতে পারে টি-২০ ম্যাচগুলো। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!