ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তরুণদের সুযোগ দেওয়ার অংশ হিসেবে এ পরিবর্তন: সুজন

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ২০:০২, ২২ জুলাই ২০২২
তরুণদের সুযোগ দেওয়ার অংশ হিসেবে এ পরিবর্তন: সুজন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, টি-২০ ক্রিকেটের অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নেয়া হয়েছে মানেই নতুন যুগের সূচনা নয়। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার অংশ হিসেবেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অধিনায়কত্ব বিষয়ে সিদ্ধান্ত নিতে মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠকে বসে বিসিবির নির্বাচক প্যানেল ও ক্রিকেট অপারেশন্স কমিটি। বৈঠক শেষে এ কথা বলেন খালেদ মাহমুদ সুজন।

বৈঠক শেষে খালেদ মাহমুদ সুজন জানান, ওয়ানডেতে সাফল্য পাচ্ছে বাংলাদেশ। কিন্তু টি-২০ ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। এর কারণ খুঁজে বের করা দরকার।

Advertisement

তিনি আরো বলেন, তরুণ খেলোয়াড়দের যাচাই করে দেখার অংশ হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে হাসান মাহমুদ ও পারভেজ ইমনকে।

সুজন বলেন, ক্রিকেটের সংক্ষিপ্ততম এ ফরম্যাটে বাংলাদেশ এখনও নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমাণ করতে পারেনি। তাই মূলত যাচাই-বাছাইয়ের অংশ হিসেবেই নেয়া হয়েছে এসব পরিবর্তন। তাছাড়া দলে পাওয়ার হিটারের অভাব যেখানে আছে, সেখানে তেমন ব্যাটার তৈরি করাও আমাদের কাজ।

টেকনিক্যাল বিষয় নিয়ে সুজন বলেন, যেমনটা বলা হচ্ছে, আমাদের টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল সমস্যা আছে। আমি তা মনে করি না। তাহলে তো আমরা ওয়ানডেতে জিততে পারতাম না। তবে টি-২০ পারছি না। সেই না পারা থেকেই আরো কিছু খেলোয়াড়কে যাচাই করে নিতে চাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!