ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সব ফরম্যাটেই খেলতে চান বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ২৪ জুলাই ২০২২
সব ফরম্যাটেই খেলতে চান বেয়ারস্টো
জনি বেয়ারস্টো

আন্তর্জাতিক অঙ্গনে ঠাসা সূচিতে যখন দিশেহারা বিশ্ব ক্রিকেটের তারকা খেলোয়াড়রা, তখন উল্টো মেরুতে হাঁটলেন ইংল্যান্ডের ব্যাটার জনি বেয়ারস্টো।

ঠাসা সূচির মাঝেও সব ফরম্যাটেই খেলতে চান বেয়ারস্টো। স্কাই ক্রিকেটকে তিনি বলেন, এই মুহূর্তে কোন ফরম্যাটের জন্য নিজেকে বেছে নিতে চান না। যতদিন পারবেন, ততদিন খেলতে চান।

গত সপ্তাহে ৩১ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার বেন স্টোকস। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির কারণে চাপ কমাতে একটি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

এরপরই ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার পক্ষে সায় দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা। এছাড়া আরো অনেকেই তিন ফরম্যাটের ঠাসা সূচি নিয়ে বিরক্তি প্রকাশ করেন।

ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল ভন তো বলেই দেন, এফটিপির ভবিষ্যত সূচি ‘পাগলাটে’।

তবে এমন পরিস্থিতিতেও ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চান বর্তমানে ইংল্যান্ড দলের সবচেয়ে ইন-ফর্ম ব্যাটার বেয়ারস্টো। তিনি বলেন, স্বাভাবিকভাবেই, চ্যালেঞ্জ আছে। তবে যতদিন সম্ভব সব ফরম্যাটে খেলার চেষ্টা করবো। কোনো একটি সময় হয়তো বিভিন্ন কারণে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু অদূর ভবিষ্যতে আমি বিরতি নেয়ার কারণ দেখছি না। আমি যতদিন পারবো সব ফরম্যাটে খেলবো।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের দলেই থাকতে চান বেয়ারস্টো। দেশের হয়ে ক্রিকেট খেলাটাই মুখ্য বলে জানান তিনি, ‘ইংল্যান্ডের তিন ফরম্যাটেরই অংশ হতে পছন্দ করি এবং প্রতিটা দলের অংশ হতে পারাটা ভিন্ন রকম অনুভূতি। আপনি যখন প্রতিটা দলের মধ্যে থাকেন, বাড়তি সতেজতা থাকে। সেখানে অনেক নতুন মুখ থাকে এবং নতুন শক্তি থাকে। কারণ এটি নতুন ফরম্যাট।’

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের অধিনায়ক জস বাটলার সম্প্রতি জানান, টেস্ট দলে সুযোগ পাওয়ার আশা করেন না। টেস্ট নিয়ে কোন চিন্তা করছেন না তিনি।

তবে বেয়ারস্টোর এমন বক্তব্য ইংল্যান্ডের সমর্থকদের মুখে হাসি ফোটাবে। কারণ দীর্ঘদিন ধরেই সকল ফরম্যাটে পূর্ণশক্তির ইংল্যান্ড দল দেখেনি সমর্থকরা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!