ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ছয় বছর কাটানোর পর বিনা ট্রান্সফারে জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি সম্পাদন করেন পগবা। চার বছরের জন্য করা এই চুক্তি অনুযায়ী তিনি প্রতি মৌসুমে ৮ মিলিয়ন ইউরো পাবেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সেই সঙ্গে বোনাস হিসেবে থাকছে আরো ২ মিলিয়ন ইউরো।
এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসে সফল একটি স্পেল কাটিয়েছিলেন পগবা। পরে তৎকালিন বিশ্ব রেকর্ড গড়া ১০৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি।
.png)
প্রথম মেয়াদে ওল্ড লেডিতে চারবার সিরি আ লিগের শিরোপা জয় করেছেন পগবা। সেই সঙ্গে জয় করেছেন ইতালিয় কাপের দুটি ট্রফি। ২০১৫ সালে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলেছেন পগবা।
সাদা কালো জার্সির দলটির একসময়ের আধিপত্য অবশ্য এখন আর নেই। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা নয়বার রেকর্ড শিরোপা জয়ের পর গত দুই মৌসুম ধরে সিরি আ লিগে শীর্ষ তিনের বাইরে পড়ে আছে ওল্ড লেডিরা। ২০১৯ সালে পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও পৌঁছাতে পারেনি দলটি।