ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জুভেন্টাস ছাড়লেন রামসে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫১, ২৭ জুলাই ২০২২
জুভেন্টাস ছাড়লেন রামসে
অ্যারন রামসে

সিরি আ জায়ান্ট জুভেন্টাস ছেড়ে দিয়েছেন ওয়েলসের অভিজ্ঞ মিডফিল্ডার অ্যারন রামসে। এ ব্যাপারে জুভেন্টাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রামসের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করা হয়েছে।

গত সপ্তাহে ৩১ বছর বয়সী রামসেকে বাদ দিয়েই জুভেন্টাসের প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরের দল ঘোষণা করা হয়। তখনই রামসের দলত্যাগের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। 

২০১৯ সালে ফ্রি ট্রান্সফার সুবিধায় তুরিনের জায়ান্ট ক্লাবটিতে যোগ দিয়েছিলেন রামসে। ঐ সময় সপ্তাহে তার বেতন ছিল ৪ লাখ পাউন্ড। কিন্তু ২০২১-২২ মৌসুমের দ্বিতীয়ভাগে সাবেক এই আর্সেনাল মিডফিল্ডার ধারে স্কটিশ দল রেঞ্জার্সে খেলতে গিয়েছিলেন। জুভেন্টাসের লোভনীয় চুক্তির শেষ বছরে ছিলেন রামসে। 

Advertisement

নভেম্বরে কাতার বিশ্বকাপকে সামনে রেখে ওয়েলসের প্রস্তুতির অংশ হিসেবে রামসের এখন ম্যাচ প্রস্তুতিতে সময় দেবার কথা। সে লক্ষ্যেই জুভেন্টাস রামসেকে একটু আগে ভাগেই অন্য ক্লাবের সঙ্গে চুক্তি করতে অনুমতি প্রদান করেছে। 

গত মৌসুমে জুভেন্টাসের জার্সি গায়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন রামসে। সাবেক ক্লাব কার্ডিফ সিটিতে ফিরে আসার ব্যাপারে গুঞ্জন থাকলেও চুক্তির পরিমাণ নিয়ে অনেক ক্লাবই হয়ত শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হবে। তার উপর গত মৌসুমের প্রায় পুরো সময়ই বিভিন্ন ইনজুরি সমস্যা তাকে ভুগিয়েছে। সে কারণে শীর্ষ সারির কোন ক্লাব তার প্রতি আদৌ আগ্রহ দেখাবে কি না সেটা নিয়েও সন্দেহ রয়েছে।

ইতোমধ্যেই প্রাক-মৌসুম সফরে জুভেন্টাস বস মাসিমিলিয়ানো আলেগ্রির বিবেচনায় দলে ঢুকতে পারেননি রামসে। যুক্তরাষ্ট্র সফরে রামসের সঙ্গে আরো বাদ পড়েছেন ফেডরিকো চিয়েসা, মাত্তিয়া ডি সিগলিও, কাইয়ো জর্জ, আর্থার মেলো, মার্কো পাকা ও আদ্রিয়েন রাবিওট।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!