চেনা প্রতিপক্ষ ও তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের সঙ্গে এই হার যেন হারের থেকে বেশি কিছু বাংলাদেশের দলের কাছে। তবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন নতুন অধিনায়ক সোহান।
শনিবার আগে ব্যাট করে সিকান্দার রাজার ২৬ বলে ঝড়ো ৬৫ রানের কল্যাণে স্কোর বোর্ডে ২০৫ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ১৮৮ রানে থামে বাংলাদেশের ইনিংস। ১৭ রানে ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সোহান জানান, ১৫ রান বেশি হয়ে গেছে।
.png)
তবে এই হারেও প্রাপ্তি দেখছেন সোহান। আর সেই প্রাপ্তি নিয়েই রোববার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা। তিনি বলেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে। ডেথ ওভারে, শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বল করতে পারিনি। তারা অনেক ভালো ব্যাট করেছে। এমন কিছু জায়গা আছে যেসব জায়গায় উন্নতি করে আগামী ম্যাচে মাঠে নামতে পারি।’
এদিন বোলাররা দুই হাতে রান বিলিয়েছেন। মুস্তাফিজ ৪ ওভারে খরচ করেছেন ৫০ রান, শরিফুল ৪৫ আর তাসকিন দিয়েছেন ৪২ রান। তিন পেসার ১২ ওভারে দিয়েছেন ১৩৭ রান। তবে বোলিংই কি হারের বড় কারণ?
সোহানের জবাব, ‘এই ম্যাচেও অনেক ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিকগুলো নিব। পরের ম্যাচে উন্নতি হবে ইনশাআল্লাহ। আসলে কোনো কারণ দেখতে চাচ্ছি না। ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন- সব আমরাই। যেটাই করি আমাদেরই ভালো করতে হবে।’
তিনি আরো বলেন, ‘ফিল্ডিং ঠিক আছে। সবাই খুব চেষ্টা করেছি। ফিফটি-ফিফটি কিছু সুযোগ ছিল যেগুলো কাজে লাগাতে পারতাম। তবে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। ২০০ রান তাড়া করা অনেক বড় ব্যাপার। উইকেট ভালো ছিল, আশা ছিল তাড়া করতে পারব। উইকেট ভালো ছিল। আমরা আরও ১৫ রান কম দিলে ভিন্নরকম দৃশ্য হত।’