ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ের মহাবালিপুরামে অনুষ্ঠানরত দ্বিতীয় রাউন্ডের খেলায় নারী ও ওপেন দুই বিভাগেই হেরেছে বাংলাদেশ। নারী দল ২৫তম বাছাই ইতালির কাছে ১.৫-২.৫ গেম পয়েন্টে হেরেছে। অপরদিকে ওপেন বিভাগে বাংলাদেশ দল ১৯তম বাছাই হাঙ্গেরির কাছে ০-৪ গেম পয়েন্টে হেরেছে।
দ্বিতীয় রাউন্ডের খেলায় নারী বিভাগে বাংলাদেশের নারী দলের ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-২০২৭) ইতালির দলের আন্তর্জাতিক মাস্টার জিমিনা ওলগাকে (রেটিং-২৩৪০) পরাজিত করে ও নারী ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ইতালি নারী দলের আন্তর্জাতিক মাস্টার গুয়েসি টিয়ের (রেটিং-২২৫৪) সঙ্গে ড্র করেন।
.png)
নারী আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন (রেটিং-১৯৯৫) আন্তর্জাতিক মাস্টার ব্রুনেলো মারিনা (রেটিং-২৩৪১) কাছে ও নারী ফিদে মাস্টার নাজরানা খান ইভা (রেটিং-১৮২৯) ক্যাসসি এলিসার (রেটিং-১৯২২) কাছে হারেন।
ওপেন বিভাগে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৭৭), ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (রেটিং-২৩০৭) গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৪১৩) ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ (রেটিং-২২২৭) যথাক্রমে হাঙ্গেরির গ্র্যান্ড মাস্টার এরডোস ভিক্টর (রেটিং-২৫৮৬), গ্র্যান্ড মাস্টার বারকেস ফেরেনক (রেটিং-২৬৪৯), গ্র্যান্ড মাস্টার বানুস তামাস (রেটিং-২৬১১) ও গ্র্যান্ড মাস্টার একস পিটারের (রেটিং-২৫৭৫) কাছে হারেন।
দুই খেলায় বাংলাদেশের উভয় দলই ২ পয়েন্ট অর্জন করেছে।
আজ রোববার তৃতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং নারী বিভাগে বাংলাদেশের নারী দল মাল্টার নারী দলের বিরুদ্ধে খেলবে।