ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাতার বিশ্বকাপের আগেই মিলবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তির স্বাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ৬ আগস্ট ২০২২
কাতার বিশ্বকাপের আগেই মিলবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তির স্বাদ
ছবি: সংগৃহীত

বেশ আগেই জানা গিয়েছিল, আরো নিখুঁতভাবে অফসাইড ধরতে আসন্ন কাতার বিশ্বকাপে সেমি অটোমেটেড প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে বিশ্বকাপের আগেই পাওয়া যাবে এই প্রযুক্তির স্বাদ। এবারের চ্যাম্পিয়ন্স লিগ ও তার আগে আগামী সপ্তাহে উয়েফা সুপার কাপেও থাকবে এই প্রযুক্তি।

এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। যার ফলে ভিএআরের মাধ্যমে অফসাইড নির্ধারণ হবে আরো সহজ ও নির্ভুল।

কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল ‘রিহলা’য় লাগানো থাকবে একটি সেন্সর। এটি প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য পাঠাবে। স্টেডিয়ামের ছাদে থাকবে ১২টি শতভাগ সিনক্রোনাইজড মাল্টিট্র্যাকিং ক্যামেরা। এটা বল আর খেলোয়াড়ের ২৯টি পয়েন্টে নজরদারি করবে।

Advertisement

এসবের পাশাপাশি প্রতি সেকেন্ডে সার্ভারে যে তথ্যগুলো পাঠানো হবে সেটা নিখুঁতভাবে খেলোয়াড়দের পজিশন ধরতে পারবে। অফসাইডের জটিলতা কাটাতে ‘সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজি’ নামের এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

ফুটবল ম্যাচে অফসাইড নিয়ে বিতর্ক হয়ে আসছে সেই শুরুর দিক থেকে। প্রায় প্রতি ম্যাচেই অফসাইডের সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জমা পড়ে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’ আসার পরেও এই বিতর্কের শেষ হয়নি। তাই নতুন এই প্রযুক্তি যোগ করেছে ফিফা।

আগামী বুধবার উয়েফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ খেলবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। আর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শুরু হবে সেপ্টেম্বরে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!