ভারতের জন্য এক সপ্তাহ অপেক্ষার সিদ্ধান্ত
আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের নারী সাফ চ্যাম্পিয়নশিপ ও ৫ থেকে ১৪ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।
যেখানে ফিফা কর্তৃক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) নিষিদ্ধ হওয়ায় ভারতের অংশ গ্রহন অনিশ্চিত।
.png)
ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে টুর্নামেন্ট দুটি খেলতে পারবে না দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে শক্তিশালী দেশটি।
বুধবার ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। আগে থেকে নির্ধারিত ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেছেন সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। সভায় ফিফা কর্তৃক ভারত নিষিদ্ধ হওয়ার বিষয়সহ ভারতের অংশগ্রহন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া সেখানে ফিফার সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারতের জন্য এক সপ্তাহ অপেক্ষা করার বিষয়ে আলোচনা করা হয়।
সভা শেষে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা ভারতের জন্য অপেক্ষা করবো। এর মধ্যে যদি ফিফা থেকে কোনো আপডেট হয়, তাহলে তো কথা নেই। আর যদি এভাবেই থাকে, তাহলে ভারতকে রেখেই আমাদের টুর্নামেন্ট আয়োজন করতে হবে।’
যদি ভারতকে রেখেই টুর্নামেন্ট করতে হয় তাহলে কি নতুন করে গ্রুপিং ও ফিকশ্চার হবে? আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘মেয়েদের টুর্নামেন্টে দল আছে ৭টি। ভারত না থাকলে হবে ৬টি। যে কারণে, গ্রুপিং বদলাবে না। শুধু ভারতকে বাদ দিয়ে ফিকশ্চার ঠিক করতে হবে।’
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের এমনিতেই দল কম, ভারতকে বাদ দিলে দল থাকে ৫টি। ৫ দলের টুর্নামেন্ট লিগভিত্তিক হবে নাকি অন্য কোনো পদ্ধতিতে হবে, সেটা এখনো নির্ধারণ করা হয়নি।