তাকে দল থেকে বাদ দেওয়ার পরপরই মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওছার মিষ্টি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটা টেক্সট লিখেন। যেখানে বলা হয় যে, ‘‘এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না, হবেও না …।‘’
এ পোস্টের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত পক্ষে-বিপক্ষে প্রায় এক হাজার কমেন্টস করা হয়েছে এবং ২৩২ বার শেয়ার দেওয়া হয়েছে।
.png)
এর আগে বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দীর্ঘদিন ধরেই টি-২০ ফরম্যাটে অফ ফর্মে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গুঞ্জন ছিল অভিজ্ঞতার জন্য আরেকটি টি-২০ বিশ্বকাপের দলে টিকে যাবেন তিনি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিজের করে নিতে পারলেন না গত টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার।
১৬ বছরের ক্যারিয়ারে ১২১ ম্যাচে ২১২২ রান করেছেন রিয়াদ। ক্যারিয়ার গড় ২৩.৫৭ হলেও গত ৬ বছরে মাত্র তিনবার ফিফটির দেখা পেয়েছেন তিনি।
গত বছর টি-২০ বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে অর্ধশতকের দেখা পাওয়ার পর খেলা ১৬ ইনিংসে তার রান ছিল যথাক্রমে ১০*, ১৯, ৩১*, ৩, ১৬, ৬, ১২, ১৩, ১০, ২১, ৮, ১১, ২২, ২৭, ২৫ ও ২৭।
এমন পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়বেন রিয়াদ, এই গুঞ্জন ছিল। আবার কেউ কেউ বলছিলেন অভিজ্ঞতার জেরে টিকেও যেতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত বাদই পড়লেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
রিয়াদ ছাড়াও সদ্য সমাপ্ত এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মাহেদী হাসান। আর ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি ও এশিয়া কাপের স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত।