ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশকে প্রতিনিধিত্ব করে নির্ভার হয়ে খেলো, সাবিনাদের উদ্দেশ্যে মাশরাফি

নারী সাফ চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৩:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২২
দেশকে প্রতিনিধিত্ব করে নির্ভার হয়ে খেলো, সাবিনাদের উদ্দেশ্যে মাশরাফি
ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামবে বাংলাদেশের নারী ফুটবলাররা। তার আগে সাবিনাদের মাঠে স্নায়ু ধরে রেখে খেলাটা উপভোগের পরামর্শ দিলেন বাংলাদেশের সাবেক সফল ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই ফাইনালে যেই দল জিতুক, তারা প্রথমবার সাফ ট্রফির স্বাদ পাবে।

সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় শুরু হবে।

বাংলাদেশের সিনিয়র দলের সাফের ট্রফি এখনও অধরাই রয়ে গেছে। সেই অপেক্ষা হয়তো আজ ফুরাতে যাচ্ছে নেপালে। 

Advertisement

স্বাগতিক দলকে হারিয়ে সাবিনা খাতুনের হাতে যদি শিরোপা ওঠে, তাহলে বাংলাদেশের উনিশ-কুড়ির মেয়েরা পেয়ে যাবেন অমরত্বের স্বীকৃতি। এজন্য মাঠে স্নায়ু ধরে রেখে খেলার পরামর্শ দিলেন বাংলাদেশের সাবেক সফল ক্রিকেট অধিনায়ক মাশরাফি।

নিজের ফেসবুকে বাংলার বাঘিনীদের শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেছেন, 'অভিনন্দন তোমাদের, যা কিছু করেছ, তার জন্য। চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।' 

বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার সানজিদা নিজের ফেসবুকে এক পোস্টে ফুটবলে উঠে আসার কঠিন সময় ও বিরুদ্ধ স্রোতে সাঁতার কাটার গল্প লিখেছেন। 

ওই পোস্ট দেখে মাশরাফি সানজিদাকে আরও অনুপ্রেরণা জুগিয়ে লিখেছেন, 'বাবাকে হারিয়ে,মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করেছ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।'

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!