ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দুবাইয়ে খেলবে বাংলাদেশ, একই সময়ে হাজার মাইল দূরে নামবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ২৭ সেপ্টেম্বর ২০২২
দুবাইয়ে খেলবে বাংলাদেশ, একই সময়ে হাজার মাইল দূরে নামবেন সাকিব
ছবি: সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের শেষ টি-২০তে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঠিক একই সময়ে হাজার মাইল দূরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নামবেন সাকিব আল হাসান।

রোববার আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে জিতেছিল বাংলাদেশ। শেষমেশ জয় পেলেও ব্যাটিংয়ে টপঅর্ডারের ব্যর্থতা কিংবা পেসারদের ছন্নছাড়া বোলিং থেকে মুক্তি পায়নি টাইগাররা। আরেকটু এদিক-সেদিক হলে ম্যাচটি হেরেও যেতে পারতো বাংলাদেশ।

অবশ্য চাপের মুখে ম্যাচ বের করে আনার মধ্যে ইতিবাচকতা খুঁজে নিচ্ছে বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় পাওয়ায় দলের পরিবেশ এখন বেশ ভালো বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় আমিরাত সফরে শেষ ম্যাচ খেলবে টাইগাররা।

Advertisement

ঠিক একই সময় প্রভিডেন্স স্টেডিয়ামে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে সিপিএলের কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টানা চার জয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে গায়ানা। এর মধ্যে শেষ দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ছিলেন সাকিব।

সিপিএলে যোগ দিয়ে সাকিব প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিলেও ব্যাট হাতে দুই ম্যাচে আউট হন প্রথম বলে। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান তিনি। ব্যাটিংয়ে ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে ২০ রানে ৩ উইকেট ও ফিল্ডিংয়ে একটি রানআউট করে পরিপূর্ণ অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি।

সেই ধারা বজায় রেখে বার্বাডোজের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বল হাতে নেন ১২ রানে ১ উইকেট। পরে রান তাড়া করতে নেমে মাত্র ৩০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে সহজ জয়ে এনে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

আজ সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ জিতলে ফাইনালে উঠে যাবে সাকিবের গায়ানা। হারলেও থাকছে দ্বিতীয় সুযোগ। সেক্ষেত্রে জ্যামাইকা তালাওয়াজ ও সেইন্ট লুসিয়া কিংসের মধ্যকার এলিমিনেটের ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!