কোচ হয়ে কবে ফিরছেন জিদান!
এক বছরের বেশি সময় ধরে কোচিংয়ে নেই ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। তার পরবর্তী ঠিকানা কোথায় হবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কোচ হিসেবে অল্প সময়ে অভূতপূর্ব সাফল্য পাওয়া এই কিংবদন্তি মিডফিল্ডার জানিয়েছেন, শিগগিরই তাকে আবার ডাগআউটে দেখা যাবে।
জিদানের সম্ভাব্য গন্তব্য নিয়ে সবচেয়ে বেশি শোনা যায় ফ্রান্স জাতীয় দলের কথা। তবে ভবিষ্যৎ ঠিকানা নিয়ে কিছুই বলেননি জিদান। পেশাদার কোচ হিসেবে এখন পর্যন্ত কেবল রিয়াল মাদ্রিদেই দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রধান কোচ হিসেবে ২০১৬ সালে প্রথম মেয়াদে রিয়ালের দায়িত্ব নিয়ে রেকর্ড টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি লা লিগাসহ আরও কয়েকটি শিরোপা জেতেন জিদান। ২০১৮ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর আবার তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরেন পরের বছর। এবার জেতেন লা লিগা।
.png)
এরপর ২০২১ সালে দায়িত্ব থেকে ফের সরে দাঁড়ান ১৯৯৮ বিশ্বকাপ জয়ী জিদান। তখন থেকে বিভিন্ন সময়ে তার ফ্রান্স, পিএসজি ও জুভেন্টাসের কোচ হওয়া নিয়ে গুঞ্জন শোনা গেছে। যদিও এর কোনোটিই আলোর মুখ দেখেনি।
সাম্প্রতিক সময়ে আবারো পুরনো গুঞ্জনে জোর হাওয়া লেগেছে। শোনা যাচ্ছে আসছে কাতার বিশ্বকাপের পর ফ্রান্স দলে দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হতে পারেন ৫০ বছর বয়সী জিদান।
ফ্রান্সের আরএমসি স্পোর্টকে গত সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে জিদান বলেন, আবার কোচিংয়ে ফেরা থেকে খুব দূরে নেই তিনি। জিদান বলেন, আমি কোচিং করানোটা মিস করছি কি-না? না, ফেরা থেকে আমি বেশি দূরে নেই। আমরা অপেক্ষা করছি, একটু অপেক্ষায় আছি। এটা হবে শিগগিরই, শিগগিরই।