ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অস্ট্রেলিয়া সফরে শৌচাগারও পরিষ্কার করতে হয়েছে কোহলিদের!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৮, ২৬ অক্টোবর ২০২২
অস্ট্রেলিয়া সফরে শৌচাগারও পরিষ্কার করতে হয়েছে কোহলিদের!
বিরাট কোহলি

টি-২০ বিশ্বকাপের মাঝেই হঠাৎ হোটেল বিতর্ক ব্রিসবেনে। ভারতীয় দল অনুশীলন ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়ার সেই শহরে গিয়েছিল। কিন্তু রোহিত শর্মাদের নিম্নমানের হোটেলে রাখা হয়। সেই ঘটনার পর সামনে এসেছে ২০২১ সালের স্মৃতি। সেবার শৌচাগার পরিষ্কার করতে হয়েছিল রোহিত-কোহলিদের।

টেস্ট সিরিজ খেলতে ২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া গিয়েছিল ভারত। সেই সিরিজের শেষ ম্যাচ ছিল ব্রিসবেনে। করোনার মধ্যেই চলছিল সেবারের সিরিজ। ভারত প্রথমে রাজি ছিল না ব্রিসবেন যেতে। শেষ পর্যন্ত বিসিসিআইকে রাজি করায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

কিন্তু সেখানে পৌঁছে শুরু হয় বিতর্ক। হোটেলে রোহিত শর্মা, অজিংকা রাহানেদের সব কিছু নিজেদের করতে হয়েছিল। এমনকি শৌচাগারও নিজেদের পরিষ্কার করতে হয়েছিল। সেবার রোহিতরা হোটেলকে ‘জেলখানা’ বলেছিলেন।

Advertisement

শেষ পর্যন্ত অবস্থা সামলাতে তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিকে হস্তক্ষেপ করতে হয়েছিল। ভারতীয় দলের এক সদস্য বলেছিলেন, ‘আমরা ঘরে বন্দি হয়ে রয়েছি। আমাদের নিজেদেরই সব কাজ করতে হচ্ছে। শৌচাগার পরিষ্কার করা থেকে শুরু করে বিছানা পরিষ্কার, সব আমরা করছি।’

তিনি আরো বলেছিলেন, ‘কাছাকাছি একটা ভারতীয় রেস্তোরাঁ থেকে খাবার আসছে। সেটা আমরা হোটেলে যে তলায় রয়েছি, সেখানে দিয়ে যাওয়া হচ্ছে। ঘরের বাইরে আমাদের বেরোতে দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে আমরা জেলে আছি।’

হোটেল ফাঁকা থাকলেও ঘরের বাইরে বেরোতে দেওয়া হয়নি রোহিতদের। বন্ধ করে রাখা হয়েছিল জিম, রেস্তোরাঁ, ক্যাফে এবং সুইমিং পুলও। সব কিছু নিয়ে মারাত্মক ক্ষুব্ধ ছিল ভারতীয় দল। এবারেও বিতর্ক সেই ব্রিসবেনেই।

বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে সেখানে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখানে এবারেও আয়োজকদের ব্যবস্থায় খুশি হননি ভারতীয় দলের ক্রিকেটাররা। আইসিসির প্রতিযোগিতায় বিভিন্ন দলগুলিকে যে মানের হোটেলে রাখার কথা, ব্রিসবেনে ভারতীয় দলের হোটেল সেই মানের ছিল না। 

আয়োজক অস্ট্রেলিয়া দলকে প্রত্যাশিত মানের হোটেলে রাখা হলেও ভারতীয় দলের থাকার ব্যবস্থা করা হয় তুলনায় নিম্নমানের হোটেলে। অথচ যে হোটেলে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নাররা ছিলেন সেখানেই থাকার ব্যবস্থা করা হয়েছিল পাকিস্তান দলের।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!