স্থানীয় শামা টিভি শো’তে আফ্রিদি বলেন, ‘আপনারা দেখেছেন (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে) মাঠ কতটা ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের দিকে ঝুঁকে ছিল। যেকোনো মূল্যে তারা ভারতকে সেমিফাইনালে দেখতে চেয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করে সেরার পুরস্কার পাবার আশায় আম্পায়াররাও একই মনোভাব পোষণ করেন।’
টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে গত বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ রানে ভারত জয় লাভের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন আফ্রিদি।
.png)
সেদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। জবাবে লিটন দাসের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর শুরু হয় বৃষ্টি।
ম্যাচটি থেমে যাবার আগে লিটন মাত্র ২১ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। পরে কার্টেল ওভারে যখন খেলা শুরু হয় তখন ১৬ ওভারে ১৫১ রানের টার্গেট দেয়া হয় টাইগারদের সামনে।
আফ্রিদি বলেন, বৃষ্টি থেমে যাবার সঙ্গে সঙ্গে কালক্ষেপন না করেই ত্বরিৎ গতিতে ম্যাচটি শুরুর পেছনে অনেকগুলো বিষয় জড়িত ছিল। আইসিসি, চাপ এবং ভারতের ম্যাচ খেলার প্রচন্ড আগ্রহ।
তিনি আরো বলেন, লিটনের ব্যাটিং ছিল অসাধারণ। তিনি পজিটিভ ক্রিকেট উপহার দিয়েছেন। ছয় ওভার খেলার পর আমাদের মনে হয়েছিল, আর যদি ২/৩ ওভার বাংলাদেশ বিনা উইকেটে খেলতে পারে তাহলে তারাই ম্যাচটি জয়লাভ করবে।
ম্যাচ হারলেও বাংলাদেশ অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে বলেও মন্তব্য করেন আফ্রিদি। এদিকে বাংলাদেশের বিপক্ষে জয় লাভের পর আগামী রেববার জিম্বাবুয়েকে হারাতে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত।
অপরদিকে পাকিস্তানকে শেষ চারের টিকিট পেতে হলে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর পাশাপাশি ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার মধ্যে যে কোনো একটি দলকে পরাজিত হতে হবে।
গত বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ৩৩ রানে জয়লাভ করায় জমে উঠেছে গ্রুপ-২ এর সেমিফাইনালের লড়াই।