বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে আজ বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষেই খেলতে নামবেন মেসি-ডি মারিয়ারা। এ ম্যাচকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের ভেতর আগ্রহের কমতি নেই। তারই ধারায় ম্যাচের আগেই সব টিকিট বুক করে ফেলেছেন তারা।
আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট শেষ হওয়া প্রসঙ্গে দুবাইয়ের অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। এছাড়া আলবিসেলেস্তেদের অনুশীলন দেখতেও দর্শকের উপচেপড়া ভিড় ছিল।
.png)
ঐদিকে আবুধাবিকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে বেছে নেয়ায় মেসিদের উপর বেজায় খুশি আরব আমিরাতের স্পোর্টস কাউন্সিল। আমিরাত স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি জানিয়েছেন, আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপের শেষ প্রস্তুতির মঞ্চ হিসেবে আবুধাবিকে বেছে নেয়ায় তারা বেশ খুশি।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্ততি ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। প্রস্তুতি ম্যাচ খেলতে কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে দলের বেশিরভাগ খেলোয়াড় আগেই পাড়ি দিয়েছেন আরব আমিরাতে। সোমবার তাদের সঙ্গে যোগ দেন দলের প্রাণভোমরা লিওনেল মেসিও।
২১ নভেম্বর বিশ্বকাপের আসর শুরু হলেও ল্যাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা মাঠে নামবে ২২ নভেম্বর। এদিন কাতারের লুসাইল স্টেডিয়ামে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সৌদি আরব। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।