ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আট বিভাগের ফুটবল উন্মাদনা

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে সিলেট

আহমেদ জামিল, সিলেট
প্রকাশিত: ১৫:১৯, ১৬ নভেম্বর ২০২২
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে সিলেট
ছবি: ডেইলি বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে ভক্তদের নানা রকম উন্মাদনা। সেই উন্মাদনায় ভাসছে সিলেট। আর মাত্র কয়েকদিন পরই মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ ফুটবল। মরুর দেশ কাতারে বসছে এবারের আসর। জমকালো এই আয়োজন উপভোগ করতে বিশ্ববাসীর মত অপক্ষোর প্রহর গুনছে সিলেটবাসীও।

সিলেটের প্রান্তিক অঞ্চলের কৃষক শ্রেণী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। আর বিশ্বকাপ ফুটবল হলে তো কথাই নেই। ফুটবলকে এ অঞ্চলের মানুষ কত ভালোবাসে তা কেবল বিশ্বকাপ ফুটবল এলেই অনুমান করা যায়। আর এবারের বিশ্বকাপে বিরাজ করছে বাড়তি উন্মাদনা।

এখনও মাঠে গড়ায়নি বিশ্বকাপ ফুটবল। তার আগেই উন্মদনায় ভাসছে সিলেট। প্রিয় দলকে নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গাড়ি, বাড়ি, বাসার ছাদ ও অফিস থেকে শুরু করে সর্বত্রই পছন্দের দলের পতাকা ওড়ানো শুরু হয়ে গেছে। আর প্রিয় দলের জার্সি গায়ে পড়ে ঘুরে বেড়ানোর হিড়িক তো শুরু হয়েছেঅনেক আগে থেকেই।

Advertisement

বিশ্বকাপ ফুটবলের প্রতি আসরেই আর্জেন্টিনা-ব্রাজিল এ দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে সিলেটের দর্শকরা। এবারও ব্যতিক্রম হয়নি। আর্জেন্টিনা ও ব্রাজিলে বিভক্ত সিলেটের ক্রীড়াপ্রেমিরাও। যদিও মাঝে মধ্যে অন্য দলের পতাকা কোথাও শোভা পায়। তবে আর্জেন্টিনা ব্রাজিলের জোয়ারে সিলেটে অন্য দলের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবারের মত এবারো সিলেটের প্রতিটি পাড়া মহল্লায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করছেন তরুণরা। এছাড়া সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান মিয়া জানান, বিশ্বকাপ ফুটবল এলে ক্যাম্পাসে আলাদা উন্মাদনা বিরাজ করে। 

এছাড়াও এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদাত আনোয়ার বলেন, 'প্রতিবার আমাদের পাড়ায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করি। এবার সব বন্ধুরা মিলে ক্যাম্পাসেই বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিচ্ছি। কলেজ থেকে অনুমতি পেলে এবার সবাই মজা করে খেলা দেখবো।'

সিলেট নগরীর রাজা ম্যানশনের দোকান কর্মচারী রিফাত আহমদ জানান, ফুটবল তার অনেক পছন্দের খেলা। এবার সবার আগে মার্কেটের সামনে তারা ব্রাজিলের সমর্থকরা পতাকা টানিয়েছেন। রিফাত বলেন, 'এবার আমাদের পাড়ায় বড় পর্দায় খেলা দেখা হবে। সেখানে বন্ধুদের সঙ্গে বসে খেলা দেখবো।'

বিশ্বকাপ ফুটবল নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে
সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী দেশের বাইরে থাকায় বিশ্বকাপ ফুটবল নিয়ে সিসিকের পক্ষ থেকে কোনো উদ্যোগ হাতে নেয়া হয়নি।

এ প্রসঙ্গে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, 'মেয়র দেশের বাইরে থেকে গতকাল (রোববার) দেশে এসেছেন। তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি। তবে মেয়র যেহেতু দেশে এসেছেন, তাই তিনি কোনো উদ্যোগ নিলে দর্শকরা হয়তো বড় পর্দায় খেলা দেখতে পারবে।'

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'ফুটবলের প্রতি সিলেটের মানুষের আগ্রহ অনেক বেশি। আমরা সিলেটের ক্রীড়াপ্রেমিদের নিয়ে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ স্টেডিয়ামে বড় পর্দায় দেখানোর পরিকল্পনা করেছি।'

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!