ম্যাচ পাতানোর অভিযোগে যা বললেন কাতার কোচ
আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসর ‘দ্য গ্রেটেস্ট শো অফ আর্থ’ খ্যাত বিশ্বকাপ। বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই কাতারের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ। উদ্বোধনী ম্যাচটি জেতার জন্য নাকি প্রতিপক্ষ ইকুয়েডরকে ঘুস দিয়েছে কাতার। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাতার কোচ ফেলিক্স সানচেজ।
এশিয়ান চ্যাম্পিয়ন কাতার এবার স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলছে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে সেনেগাল, নেদারল্যান্ডস আর ইকুয়েডর। তিনটি দলই শক্তিমত্তায় এগিয়ে কাতারের থেকে। ইকুয়েডরের বিপক্ষে খেলে জিতলেও তাই সন্দেহের তীর ছুটে যাবেই।
তাই অস্বস্তিতে কাতার কোচ জানালেন, বিশ্বকাপের জন্য ধীরে ধীরে অনেক বছর ধরেই তারা নিজেদের তৈরি করেছেন। ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে তাই মাথা ঘামাতে চান না।
তিনি বলেন, আমার মনে হয় এখানে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ইন্টারনেট একটি দুর্দান্ত যন্ত্র। তবে আমার মনে হয়, এটা একইসঙ্গে ভীষণ ভয়ংকরও। আমরা বহু বছর ধরে নিজেদের প্রস্তুত করছি, অনুশীলন করছি। আমরা একসঙ্গে খুবই শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। সমালোচনা করে কেউ আমাদের টলাতে পারবে না।
কাতার কোচ যোগ করেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছি ভেবে খুশি। আমরা আমাদের প্রস্তুতির দিকেই নজর দিচ্ছি। আবেগকে নিয়ন্ত্রণ করছি, অন্য কোনো কিছু নিয়ে ভাবছি না। আমার মনে হয় একজন ফুটবলার হিসেবে এসবকে পেছনে ফেলার সবচেয়ে ভালো উপায়, কী কথা হচ্ছে সেসব এড়িয়ে যাওয়া’।